যশ চোপড়ার শেষ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশ ক্যাটরিনা কাইফ। শিফন শাড়ি পরতে পারলেন না তিনি। বলিউডে পা দেওয়ার পরপরই ক্যাটরিনা স্বপ্ন বুনেছিলেন, একদিন যশ চোপড়া পরিচালিত ছবিতে নায়িকাদের ‘কমন ইউনিফর্ম’ পরবেন। সুইজারল্যান্ডের বরফের মধ্যে শাহরুখ খানকে জড়িয়ে ধরবেন, গায়ে জড়াবেন শিফন শাড়ি। কিন্তু না, নিয়তি কেড়ে নিল ক্যাটরিনার লালিত স্বপ্ন। চলে গেলেন বলিউডের ‘কিং অব রোমান্স’ যশ চোপড়া। এক মাস আগেই ঘোষণা দিয়েছিলেন জাব তাক হ্যায় জান-ই হবে তাঁর চলচ্চিত্র জীবনের শেষ ছবি। কথা রেখেছেন যশ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২১ অক্টোবর পৃথিবীর মায়া ছেড়ে ওপারবাসী হলেন তিনি। গত মাসে ৮০তম জন্মবার্ষিকী পালন করেছিলেন। এ বছরই বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারের পূর্তি উপলক্ষে যশ চোপড়া নির্মাণ করেছেন তাঁর শেষ ছবি জাব তাক হ্যায় জান। ছবির শিরোনাম-গানের শুটিং বাকি থাকতেই স্বপ্নাতুর নির্মাতা স্বপ্নের দেশে চলে গেলেন। শেষ ছবি বলে কথা! কত আয়োজনই না করেছিলেন! প্রিয় শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফকে প্রথমবারের মতো জুটিবদ্ধ করে ছবির নাম দিয়েছিলেন জাব তাক হ্যায় জান। শুটিং প্রায় শেষ হয়ে যাওয়ার পর গত মাসেই এর নাম চূড়ান্ত করেছিলেন যশ। তা-ও ১৯৭৫ সালের ছবি শোলের ‘হা জাব তাক হ্যায় জান’ গানের শিরোনামটি ধার নিয়ে। বড় ছেলে আদিত্য চোপড়ার সর্বশেষ ছবি রাব নে বানা দি জোড়ির জুটি শাহরুখ-আনুশকা শর্মাকে চার বছর পর এ ছবিতে দেখা যাবে আবারও। সর্বাধিক সংখ্যকবার ফিল্মফেয়ার, জাতীয় পুরস্কার এমনকি অস্কার জেতার পরও গীতিকার গুলজার ও সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গে যশ চোপড়ার এত দিন কাজ করা হয়ে ওঠেনি। এ ছবিতে তাঁদেরও অন্তর্ভুক্ত করেছিলেন যশ। স্বপ্ন ছিল, শেষ ছবির শেষ দৃশ্য বলিউডের সবাইকে সঙ্গে নিয়ে দেখবেন। কিন্তু সৃষ্টিকর্তার চিত্রনাট্য অনুযায়ী, সেলুলয়েডের শেষ পর্দা নেমে যাওয়ার আগেই জীবনের পর্দা থমকে গেল। অবশ্য স্বামীর কোনো স্বপ্ন অধরা থাকুক, তা চান না প্রিয়তমা স্ত্রী পামেলা চোপড়া। আসছে ১২ নভেম্বর জাব তাক হ্যায় জান মুক্তির ঠিক আগের দিন বলিউডে মহা প্রিমিয়ার শোর আয়োজন করছেন তিনি। পামেলা বলেন, ‘যশের পরিচালিত ২২টি ছবি সব সময় দেওয়ালিতে মুক্তি পেয়েছে। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করতেন। যতটুকু আনন্দে থাকা যায়, প্রিয় মানুষের কাছে থাকা যায়, তা-ই করতেন। আর এ কারণেই প্রিমিয়ার শোতে শোক প্রকাশের পরিবর্তে আমরা আনন্দ করব। যশ চোপড়ার বর্ণাঢ্য ক্যারিয়ার জীবনকে বিদায় জানাব।’ধুল কা ফুল, দাগ, ওয়াক্ত, দিওয়ার, কাভি কাভি, ত্রিশূল, সিলসিলা, কালা পাথর, চাঁদনি, লামহে, ডর, দিল তো পাগল হ্যায় ও বীর জারা ছবির পরিচালক এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, মোহাব্বতে, রাব নে বানা দি জোড়ি, ধুম, ধুম টু, হাম তুম, ফানা, এক থা টাইগার ইত্যাদি ছবির প্রযোজক যশ চোপড়ার শেষ ছবির শেষ গানটি শুটিং করতে এগিয়ে এসেছিলেন পরিচালক করণ জোহর। কিন্তু আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনই এই গান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখ বলেন, ‘যশ চোপড়া নেই। আমরা আর কেউই কখনো সুইজারল্যান্ডে শুটিং করব না। সুইজারল্যান্ডে যশ চোপড়ার নামে একটি পার্কেরও নামকরণ করা হয়েছিল ২০০৪ সালে। হয়তো সেখানে গিয়ে চুপচাপ বসে থাকব।’যশ চোপড়ার কারণেই শাহরুখ খান ‘কিং অব রোমান্স’ স্বীকৃতি পেয়েছেন, তা অস্বীকার করেন না বাদশা খান। তিনি বলেন, ‘বলিউডের পর্দায় রোমান্স আর আগের মতো হবে না। তবে বিস্ময়কর হলেও সত্যি, আমি যশ চোপড়ার অভাব বোধ করি না। তাঁর সঙ্গে ২০ বছর ধরে কাজ করেছি। আরও ৫০০ বছর তাঁর ছবি দেখে কাটিয়ে দিতে পারব।’ অনেকের ধারণা, জাব তাক হ্যায় জান শুধু ১০০ কোটিই নয়, ২০০ কোটির ওপর ব্যবসা করবে। থ্রি ইডিয়টস-এর রেকর্ডও ভেঙে ফেলবে বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি গণিতবিদ নই। অভিনেতা। সংখ্যা নিয়ে গবেষণা করা আমার কাজ নয়। একমাত্র যশ চোপড়ার ছবিই স্ক্রিপ্ট না পড়ে সই করি। সম্পূর্ণ আবেগ দিয়ে এ ছবিতে কাজ করেছি।’ ছবিতে লন্ডনের মিউজিশিয়ান ও কাশ্মীরের আর্মি অফিসার—‘সমর’ নামের চরিত্রের দুটি পর্যায়ে শাহরুখকে দেখা যাবে। প্রথমবারের মতো কাশ্মীরে ছবির শুটিং করার অনুমতি পেয়েছিলেন যশ চোপড়া ও শাহরুখ। তবে ছবির প্রমো মুক্তির পর এই কাশ্মীরেই প্রমো বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে অবশ্য ছবির সাফল্য থেমে থাকেনি। প্রমো মুক্তির পর মাত্র তিন দিনে ইউটিউবে এক মিলিয়ন হিট পড়েছিল। এক সপ্তাহের মাথায় ‘লাইক’ অপশনে ক্লিক করেছেন ৩০ হাজার ইন্টারনেট ব্যবহারকারী। লাদাখে শুটিং করতে গিয়ে এর আগে লক্ষ্য, থ্রি ইডিয়টস ও এলওসি ছবির দু-তিনজন কলাকুশলী অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা গিয়েছিলেন। জাব তাক হ্যায় জান শুটিং স্পটে তাই চিকিৎসকের মেলা বসেছিল। ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ ছবির গল্প লেখা হয়েছিল ২০০৯ সালের জানুয়ারি মাসে। এমনকি এ ছবির শুরুতে রানী মুখার্জিকে লেখা আদিত্য চোপড়ার প্রেমের চিঠি আবৃত্তি করেছেন শাহরুখ। সব মিলিয়ে যশ চোপড়ার শেষ উপহার গ্রহণ করার জন্য এখন উন্মুখ গোটা বলিউড। আর. আর. খানডিএনএ, ওয়ান বলিউড, আইএমডিবি, হিন্দুস্থান টাইমস, বিজনেস অব সিনেমা, বলিউড হাঙ্গামা ডটকম অবলম্বনে