যশরাজ শিবির থেকে ক্যাটরিনার বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশরাজ ফিল্মসের একাধিক ছবির সাফল্যের পেছনে ক্যাটরিনা কাইফের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এই শিবির থেকে তাঁকে বাদ দেওয়ার চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার ও বলিউডের চিত্রনির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ছবিতে অভিনয়ের পুনরাবৃত্তি ঘটেছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রানী মুখার্জি ও আনুশকা শর্মার। এই প্রতিষ্ঠানের ব্যানারে রানীর আটটি ও আনুশকার পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন ক্যাটরিনা কাইফ। বলিউডের অন্যতম সফল এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের পাঁচটি ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন ক্যাটরিনা। পর পর উপহার দিয়েছেন ‘এক থা টাইগার’ ও ‘যব তক হ্যায় জান’-এর মতো বক্স অফিসে ঝড় তোলা ছবি। মুক্তির অপেক্ষায় আছে ‘ধুম ৩’। কিন্তু এত কিছুর পরও যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিগুলোতে ক্যাটরিনার পরিবর্তে অন্য অভিনেত্রী নিতে চাইছেন আদিত্য। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, নির্মাতাদের পক্ষ থেকে যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিগুলোর কেন্দ্রীয় নারী চরিত্রে ক্যাটরিনাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হলেও বাদ সেধেছেন আদিত্য। ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে আলী জাফর-ক্যাটরিনা জুটির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। ধারণা করা হয়েছিল, যশরাজ ফিল্মসের নতুন ‘গুন্ডে’ ছবিতেও আলী জাফরের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে তাঁর পরিবর্তে প্রিয়াংকা চোপড়াকে নেওয়ার কথা বললেন আদিত্য। এ ছাড়া যশরাজ ফিল্মসের নতুন আরেকটি ছবিতে ‘ভিকি ডোনার’ তারকা আয়ুষ্মান খুরানার বিপরীতে ক্যাটরিনার পরিবর্তে সোনম কাপুরকে বেছে নিয়েছেন আদিত্য চোপড়া।হঠাৎ ক্যাটরিনার প্রতি আদিত্যর এই নাখোশের কারণ জানা না গেলেও অনেকে মজা করে বলাবলি করছেন, যশরাজ ফিল্মসকে পর পর দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ক্যাটরিনা। সম্ভবত, ‘ক্যাটরিনা ওভারডোজ’-এ ভুগছেন আদিত্য।