যশোরে গণসংগীতের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) তিন দিনব্যাপী বরিশাল ও খুলনা বিভাগীয় গণসংগীত উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট গণসংগীতশিল্পী সাধন ঘোষ। ‘এই সম্মেলনে সমবেত হয়ে গাই জীবনের জয় গান’ সম্মিলিত কণ্ঠের এই গানটি দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ খালেদুর রহমান। অনুষ্ঠানে গণসংগীত চর্চায় বিশেষ অবদান রাখার জন্য খুলনা বিভাগের পাঁচজন গুণী গণসংগীতশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। শিল্পীরা হলেন খুলনার সাধন সরকার (মরণোত্তর), কুষ্টিয়ার সুশীল বসু (মরণোত্তর), যশোরের অসীম প্রকাশ মুখার্জি (মরণোত্তর), ঝিনাইদহের খন্দকার হাফিজ ফারুক ও যশোরের শাহ মো. মোর্শেদ। তাঁদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পরে ‘ভয় কি মরণে’ ও ‘হিমালয় থেকে সুন্দরবন’ গানের সঙ্গে যশোরের নৃত্যধারার শিল্পীদের নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ফকির আলমগীর ‘ডিম পাড়ে হাসে’, ‘দুর্গমগিরি’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। এই উৎসবে মোট ২৫টি দল অংশগ্রহণ করছে।