যশোরে চলছে লোকসংস্কৃতি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে যশোর টাউন হল মাঠে পাঁচ দিনের লোকসংস্কৃতি উত্সব শুরু হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উত্সবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
লোকসংস্কৃতি উত্সব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শেখ মারুফ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল অতিথিদের বক্তব্য। এরপর লোকনৃত্য পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ছিল ঢাকার তামান্না রহমান ও তাঁর দলের মণিপুরি নৃত্য, ভারতের প্রখ্যাত বাউলশিল্পী শ্যামসুন্দর দাস বাউল ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সৈয়দ আশিকুর রহমানের পরিবেশনা। মধ্যরাত পর্যন্ত সংগীত পরিবেশন করে তাঁরা দর্শকদের মাতিয়ে রাখেন।
আজ বৃহস্পতিবার এ উৎসবে থাকছে ঢাকার রথীন্দ্রনাথ রায়, নড়াইলের দিদার বাউল ও তাঁর দলের জারিগান, ভারতের রাজু বল ও রাসেল বাউল, যশোরের নৃত্য বিতানের পরিবেশনা। বিকেল পাঁচটা এক মিনিটে শুরু হবে আজকের অনুষ্ঠান।