যশোরে বন্যার প্রভাব প্রেক্ষাগৃহে
>এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র—শাকিব খান ও বুবলী অভিনীত বসগিরি ও শু৵টার এবং পরীমনি ও রোশান অভিনীত রক্ত। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে নতুন ছবিগুলোর হাল। আজ যশোর ও ময়মনসিংহ কয়েকটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন

ভবদহের বন্যার প্রভাব পড়েছে যশোরের প্রেক্ষাগৃহগুলোয়। দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ মণিহারে ঈদের ছবির দর্শক এবার তুলনামূলক কম। ৫৫ বছরের পুরোনো তসবীর মহল প্রেক্ষাগৃহেও চলছে দর্শকের ভাটার টান।
ঈদের দিন থেকে মণিহারে চালছে বসগিরি আর তসবীর মহলে কলকাতার ছবি কেলোর কীর্তি।
গত শনিবার দুপুর ১২টার দিকে তসবীর মহলের সামনে গিয়ে দেখা গেল, মূল ফটকের সামনে হাতে গোনা কয়েকজন দর্শকের আনাগোনা। ছবি দেখার জন্য টিকিট নিচ্ছেন। তবে এর পরপরই মণিহার প্রেক্ষাগৃহের সামনে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। প্রেক্ষাগৃহে ঢোকার জন্য টিকিট হাতে দর্শকেরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। প্রধান ফটকে চলছে নিরাপত্তা তল্লাশি। লাইনে দাঁড়ানো জুয়েল হোসেন নামের এক দর্শক বলেন, ‘আমরা চারজন কেশবপুর উপজেলা থেকে মণিহারে এসেছি ছবি দেখতে। কেশবপুরে বন্যা হলেও ছবি দেখে ঈদের আনন্দটুকু উপভোগ করার জন্যই আমাদের আসা।’
মণিহার প্রেক্ষাগৃহের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ভবদহের বন্যা পরিস্থিতির কারণে এবার দর্শকের সংখ্যা অনেক কম। ঈদের পরের দিন দুটি শো হাউসফুল ছিল। মণিহারের ১ হাজার ৪৩০ আসনের বিপরীতে এখন হাজারের নিচে দর্শক হচ্ছে। সারা বছরের তুলনায় দর্শকসংখ্যা মোটামুটি ভালো। তবে অন্য ঈদের তুলনায় কম।
৪০০ আসনের তসবীর মহলের ব্যবস্থাপক আলী হোসেন বলেন, ‘আমাদের ধারণা, ভবদহের বন্যা পরিস্থিতি আর পুরোনো ছবি নির্বাচনের কারণে হয়তো দর্শক উপস্থিতি কম হচ্ছে।’
প্রসঙ্গত, যশোরের ভবদহপাড়ের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার প্রায় তিন লাখ মানুষ দেড় মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। ওই তিনটি উপজেলার মানুষই মণিহার ও তসবীর মহলের মূল দর্শক।
যশোর শহরে চারটি প্রেক্ষাগৃহ ছিল। এর মধ্যে মানসী ও পূরবী বন্ধ হয়ে গেছে। কেশবপুরের রূপা ও সুচিত্রা নামের দুটি প্রেক্ষাগৃহই ভেঙে বিপণন ও আবাসিক স্থাপনা গড়ে তোলা হয়েছে।