‘ভালো চলচ্চিত্র, ভালো দর্শক, ভালো সমাজ’—এই মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ২০০টি চলচ্চিত্র। এই পুরোটা সময় ঢাকা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও জাতীয় জাদুঘর এলাকা ছিল সিনেমাপ্রেমীদের ভিড়ে সরগরম। নানা দেশের চলচ্চিত্রের স্বাদ নিতে তাঁরা ভিড় করেছেন প্রেক্ষাগৃহগুলোতে। উপরি হিসেবে দেখা-সাক্ষাৎও ঘটেছে নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে। কিন্তু এর বাইরে বাংলাদেশের খাতায় প্রাপ্তি বলতে কতটুকু? ‘প্রতিবারই আমাদের চেষ্টা থাকে ভিন্ন কিছু করার। এবারেও সে রকম একটা কিছু করতে চেয়েছি। ইরান থেকে দারিয়ুস মেহ্রজুই ও তাহমিনা মিলানির মতো নির্মাতারা এসেছেন। আমি বলব, এটা একটা বড় দিক। তবে এটাও ঠিক, এই আয়োজন নিয়ে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। সামনে আরও অনেক ভালো কিছু করার আছে।’ বলছিলেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।২০ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে পর্দা নেমেছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই সিনেমা উৎসবের। উৎসব শেষে নিছক সিনেমা দেখা আর সাংস্কৃতিক আদান-প্রদান ছাড়াও বাংলাদেশের খাতায় অর্জন বলতে যোগ হয়েছে আরও অনেক কিছু। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চূড়ান্ত দিনে বাংলাদেশের জন্য বড় সম্মান বয়ে এনেছেন জয়া আহসান। নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলা ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ মুজতবা জামাল বলছিলেন, ‘এবারে এই বিভাগে বাংলাদেশ ও ইরান—এ দুই দেশের বিচারকেরা ছিলেন। এর আগে বিভিন্ন বিভাগে বাংলাদেশের অর্জন থাকলেও যতদূর মনে করতে পারছি, উৎসবের গোটা ইতিহাসে বাংলাদেশের কারও সেরা অভিনেত্রীর পুরস্কার জয় এবারই প্রথম।’উৎসবের অন্যতম আকর্ষণ সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন কাগিত (পেপার)- এর নির্মাতা সিনান সেটিন। এ ছবির অভিনেতা ওনার এরকান পেয়েছেন সেরা অভিনেতার সম্মাননা।উৎসবে বাংলাদেশের খাতায় জমা পড়েছে আরও দুটি অর্জন। প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে অংশ নেওয়া গেরিলা জিতেছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মনের মানুষ ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন গৌতম ঘোষ। স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত ছবির বিভাগেও একটি পুরস্কার এসেছে বাংলাদেশের ঘরে। বাদল রহমান শিশু চলচ্চিত্র পুরস্কার জিতেছে ইরানের ছবি দ্য মিডো। নারী নির্মাতাদের বিভাগে যৌথভাবে সেরা ছবির পুরস্কার জিতেছে ইরানের জোহরা জামানির দ্য বেয়ারফুট লিডার এবং নরওয়ের লিনা হাভোরসেনের লিভিং উইদাউট মানি। স্পিরিচুয়াল বিভাগে সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে ফিলিপাইনের ফ্লাইট অব অ্যান অ্যাঞ্জেল।