যা কিছু মায়ের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক সন্তানের কাছেই তার মা-বাবা জীবনে চলার পথের প্রথম আদর্শ। মা-বাবার কিছু গুণ জন্মগতভাবেই সন্তানদের ভেতরে চলে আসে। কিছু আবার সন্তানেরা অনেক সাধনা করে আয়ত্তে আনে। আজ মা দিবস। তারকারা জানালেন তাঁরা মায়ের কাছ থেকে কী পেয়েছেন, যা দেখলে সবাই বলে ‘এক্কেবারে মায়ের মতন’
মায়ের কাছ থেকে রান্না শিখেছি

তারিক আনাম খান
তারিক আনাম খান

তারিক আনাম খান
অনেক কিছু মায়ের কাছ থেকে শিখেছি। কীভাবে ধৈর্য ও পরিশ্রম করতে হয়, সেটা যেমন শিখেছি, তেমনি কীভাবে কঠিনতম কাজ করতে হয়, তাও শিখেছি। এ ছাড়া মায়ের মতো করে বেগুন, কুমড়ার বড়ি দিয়ে মাছ রান্না করতে পারি। আরও বেশ কয়েকটি রান্না আমার প্রয়াত মায়ের কাছ থেকে শেখা।
আমার সবটুকুই মায়ের

জাহিদ হাসান
জাহিদ হাসান

জাহিদ হাসান
মায়ের সঙ্গে নাড়ির সম্পর্ক। জন্মের পরপরই মায়ের অঙ্গ থেকে শিশুর নাড়ি ছিন্ন হলেও সে সব সময় তার মায়ের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকে। আমার বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। আমার সবটুকুই মায়ের, মায়ের সবটুকুই আমার। আমার মা ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। তাঁর মতো করেই নিজেকে গড়ার চেষ্টা করি।
মায়ের অনুপ্রেরণাতেই সবকিছু

জয়া আহসান
জয়া আহসান

জয়া আহসান
ধরুন, একদিন সকালে ঘুম ভেঙে দেখলেন পৃথিবীটা সূর্যহীন, আলো নেই; কেমন লাগবে তখন? আমার কাছে মা ছাড়া পৃথিবীটা এমনই। মা-বাবা না থাকলেই শুধু বোঝা যায় জীবনের কতটা জুড়ে আছেন তাঁরা। ২০১২ সালে বাবা এ এস মাসউদের মৃত্যুর পর মা রেহানা মাসউদ–ই এখন আমার সব। মায়ের অনুপ্রেরণা আর চেষ্টাতেই আমার পড়াশোনা, গান শেখা, অভিনয়। তাঁর কাছ থেকে পেয়েছি সবকিছু। এখনো যখন প্রচণ্ড চাপের মধ্যে কাজ করি, খুব ক্লান্ত লাগে, সঙ্গে থাকা মায়ের ছবিটা চুপিচুপি দেখে নিই।
একদম মায়ের মতো রান্না করি

কনা
কনা

কনা
মায়ের কাছ থেকে আমার চেহারা পেয়েছি। এটাই তো বড় পাওয়া। আর মায়ের মতো করে আমি বেশির ভাগ বাংলাদেশি খাবার রান্না করতে পারি। যেমন মাছ ভুনা ও মুরগির মাংস। অনেকেই খেয়ে বলেন, একদম মায়ের মতো রান্না করেছি।
মায়ের সঙ্গে আমার হুবহু মিল

মেহ্জাবীন
মেহ্জাবীন

মেহ্জাবীন
ভাবনার জায়গাটা মায়ের সঙ্গে প্রায়ই মিলে যায় আমার। যেকোনো কাজে মা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। এই স্বভাবটা আমার মধ্যেও আছে। আর সবাই বলে মায়ের চেহারার সঙ্গে আমার হুবহু মিল আছে। মা যখন আমার বয়সী ছিলেন, তখন তিনিও দেখতে নাকি ঠিক আমার মতো ছিলেন। তখনকার সময়ের মায়ের ছবি দেখলে তা স্পষ্ট বোঝা যায়।
গ্রন্থনা: শফিক আল মামুন ও হাবিবুল্লাহ সিদ্দিক