
‘নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না’—এই কথা বলে আলোচনার ঝড় তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গত ২৬ জুলাই ভারতের এনডিটিভির সঙ্গে কথা বলেন অমর্ত্য সেন। সেই কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো
প্রশ্ন: ‘নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না’—এই বক্তব্যের পর যে প্রতিক্রিয়া হচ্ছে, তাতে কি আপনি বিস্মিত? বিজেপির চন্দন মিত্র আপনাকে দেওয়া ভারতরত্ন খেতাব প্রত্যাহারের দাবি তুলেছেন...।
অমর্ত্য সেন: সত্যিই আমি বিস্মিত আর ক্ষুব্ধ। ভারতের একজন নাগরিক হিসেবে আমার এটা বলার অধিকার আছে যে আমি কেমন প্রধানমন্ত্রী চাই বা কেমন প্রধানমন্ত্রী চাই না। আমি এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না, যাঁকে নিয়ে সমাজের একটি বড় অংশ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। চন্দন মিত্রেরও এটা বলার অধিকার আছে যে আমার ভারতরত্ন খেতাব প্রত্যাহার করে নেওয়া উচিত। তবে কথা হচ্ছে কী, বিজেপি সরকারের সময়েই আমাকে ভারতরত্ন খেতাব দেওয়া হয়।
প্রশ্ন: আপনার কি মনে হয় না, মোদির ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে আরেকটু কূটনৈতিক হওয়া উচিত ছিল? বিজেপি তো আপনার কথাকে ক্ষমতাসীন ইউপিএ সরকারের প্রতি সমর্থন বলে ধরে নিয়েছে।
অমর্ত্য সেন: তা মনে হয় না। আর আমি ইউপিএ সরকারকে সমর্থনও দিইনি। আমার বক্তব্যে সরকারকে সমর্থন দেওয়ার মতো কিছু ছিল না। আমি বিজেপির সব নেতার ব্যাপারে এমন কথা বলিনি। যেমন, অটল বিহারি বাজপেয়ির ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন নেই। নোবেল জয় ও ভারতরত্ন খেতাব পাওয়ার সময় বিজেপি নেতা বাজপেয়ি, এল কে আদভানি, যশোবন্ত সিং প্রমুখের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে আমি শিখেছি, লাভবান হয়েছি। আমি এটাও বলি যে মোদির কাছ থেকেও শেখার আছে। কিন্তু আমি মনে করি না তিনি ভালো প্রধানমন্ত্রী হবেন। কারণ, ২০০২ সালের গুজরাট দাঙ্গার কথা আমি জানি। তাই মোদি সম্পর্কে আমি যা বলেছি, তা নিয়ে অনুতপ্ত নই।
প্রশ্ন: তার মানে আপনি যা বলেছেন, ব্যক্তি নরেন্দ্র মোদিকে বলছেন। দল হিসেবে বিজেপিকে নয়?
অমর্ত্য সেন: আমি এটা বলছি না যে আগামী নির্বাচনে আমি বিজেপিকে ভোট দিতে যাচ্ছি। বাঙালি হিসেবে আমাদের বেশির ভাগই বিজেপিকে ভোট দিই না। সেটা অন্য প্রসঙ্গ। আমি যে মন্তব্য করেছি, তা ব্যক্তি নরেন্দ্র মোদির বিষয়ে করেছি। শুধু বলেছি, একজন নেতা, যাঁর বিষয়ে সংখ্যালঘুদের উদ্বেগ রয়েছে, তাঁকে নিয়ে সমস্যা রয়েছে। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আমি মনে করি, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্য হিসেবে এটা আমার করা উচিত এবং এটা আমার দায়িত্ব। কারণ, এ ব্যাপারে সংখ্যালঘু কোনো নেতার চেয়ে আমার পক্ষে বিবৃতি দেওয়া অনেক সহজ।
প্রশ্ন: আপনার এই বক্তব্যকে শুধু বিজেপি নয়, অনেক রাজনৈতিক বিশ্লেষকও একচোখা ও পক্ষপাতদুষ্ট বলে চিহ্নিত করেছেন। কারণ, আপনি ১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গার সময় কংগ্রেস বা রাজীব গান্ধীর ব্যাপারে এমন বক্তব্য দেননি।
অমর্ত্য সেন: এটা ঠিকই বলেছেন যে ১৯৮৪ সালে আমি এমন বক্তব্য দিইনি। ১৯৮৪ সালের বিষয় নিয়ে আমি লিখেছি। তখন আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তখন মোদির মতো কোনো ব্যক্তিত্ব ছিলেন না।
প্রশ্ন: নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান না—রাহুল গান্ধীকে কি প্রধানমন্ত্রী পদে সমর্থন করেন?
অমর্ত্য সেন: এর আগেও এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। কে আমার প্রধানমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত কি আমি নিতে পারি? পারি না। একজন ভোটার হিসেবে যদি চিন্তা করি, আমরা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দিতে পারি না। আমরা লোকসভার সদস্যদের নির্বাচন করি। তাঁরা প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেন। প্রশ্ন হতে পারে, রাহুল গান্ধী আমার আসনে নির্বাচন করলে তাঁকে কি আমি ভোট দেব? কিন্তু লোকসভার সদস্য পদে সমর্থন আর প্রধানমন্ত্রী পদে সমর্থন এক বিষয় নয়। আমি রাহুলকে চিনি, পছন্দও করি। তবে আপনি যেকোনো একজনের নাম উল্লেখ করে আমাকে প্রশ্ন করতে পারেন না যে আমি তাঁকে সমর্থন করি কি না। আর একটি বিষয় হলো, প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা যদি শুধু মোদি ও রাহুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে মোদির সমালোচনা করলে রাহুলের পক্ষই নেওয়া হয়—এটাই দেখছি আমি। কিন্তু গণতান্ত্রিক ভারতের গর্বিত নাগরিক হিসেবে আমি মনে করি, প্রধানমন্ত্রী পদের জন্য আমাদের সামনে অনেক বিকল্প থাকা উচিত।
প্রশ্ন: আপনি ২০১৪ সালের নির্বাচনে ভোট দিতে দেশে আসবেন?
অমর্ত্য সেন: বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে। এ দেশে ভোটার তালিকায় নিবন্ধনের বিষয়টি জটিল। নাম আছে কি না দেখতে হবে। আগের তালিকায় আমার নাম ছিল। এখন যদি না থাকে, তাহলে আইন অনুযায়ী ভারতে গিয়ে আমাকে নিবন্ধন করতে হবে। আমাদের তো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা নেই। আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াই। সবকিছু ঠিক থাকলে ভোট দিতে যাব।
ভাষান্তর: মাহফুজার রহমান