যা বলো তাই বলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহানা বাজপেয়ী
সাহানা বাজপেয়ী

বছর সাতেক আগের ঘটনা। রবীন্দ্রসংগীত শুনছি। অ্যালবামের নাম নতুন করে পাব বলে। শিল্পী সাহানা বাজপেয়ী। সব সময় যেমন শোনা হয়, তেমনটি নয়, তাঁর গাওয়া একটু অন্য রকম। রাবীন্দ্রিক ছকে বাঁধা ছিল না গানগুলো। প্রথাগত রবীন্দ্রসংগীত থেকে অনেকটাই সরে এসেছেন। গানগুলোয় অন্য রকম আকর্ষণ আছে। এরপর দীর্ঘ বিরতি। আবার অ্যালবাম করেছেন তিনি। এবারের অ্যালবাম যা বলো তাই বলো। ৬ সেপ্টেম্বর এসেছে কলকাতায় আর আজ ১০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ঢাকায়। ঢাকায় অ্যালবামটি প্রকাশ করেছে এমই লেভেল।
অ্যালবাম নিয়ে কথা হবে সাহানার সঙ্গে। তিনি এখন আছেন শান্তিনিকেতনে, মায়ের কাছে। ৫ সেপ্টেম্বর দুপুরে মুঠোফোনে কথা হলো।
জানালেন, তিনি স্থায়ীভাবে আছেন লন্ডনে। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তাঁর পড়ানোর বিষয় ‘বাংলা সাহিত্য, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি’। এখন গ্রীষ্মের ছুটি। মেয়ে রোহিণীকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে চলে এসেছেন। বাবা বিমল বাজপেয়ী আর মা উমা বাজপেয়ী অধ্যাপনা করতেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে। এখন বাবা নেই।
সাহানা বাজপেয়ী বড় হয়েছেন শান্তিনিকেতনে। পড়াশোনা সেখানেই। গান শিখছেন সেই ছোটবেলা থেকে; গিটার বাজিয়ে, পিয়ানো বাজিয়ে আর এসরাজের সঙ্গে। এর ছোঁয়া ছিল প্রথমটিতে। আর এবার যা বলো তাই বলো অ্যালবামের গানগুলোতে? সাহানা বললেন, ‘আমার প্রথমটি বেরিয়েছে ২০০৭ সালে। এরপর অনেক গান গেয়েছি। দেশে ও দেশের বাইরে প্রচুর অনুষ্ঠান করেছি। যা বলো তাই বলো অ্যালবামকে আমার সেই অভিজ্ঞতাগুলোর একটি পূর্ণতা বলতে পারেন।’
জানালেন, সাহানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যাঁরা থাকেন, এই অ্যালবামেও আছেন তাঁরা। এই যেমন এমি পুরস্কারজয়ী জোয়ি রহমান, জ্যাজ পিয়ানিস্ট; তাঁর ভাই ইদ্রিস রহমান ক্ল্যারিনেটিস্ট, বাঁশিও বাজান। আরও আছেন অলিভার উইকস। কলকাতার ছেলে সামন্তক সিংহ পড়াশোনা করছিলেন লন্ডনে, তিনিও ছিলেন।
বললেন, ‘আমরা সবাই একসঙ্গে অনেক দিন কাজ করছি। তাঁরা আমার গানের সঙ্গে খুব পরিচিত। আমি কী চাই, সেটা বোঝেন। আমিও তাঁদের খুব পছন্দ করি।’
অ্যালবামের গানগুলো নিয়ে বললেন, ‘এখানে কীর্তনাঙ্গ, ধ্রুপদাঙ্গ, নাট্যগীতি, ব্রহ্মসংগীত—সবই আছে। আসলে গাইতে ভালো লাগে, তেমনি কিছু গান গেয়েছি।’
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বললেন, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমার এবারের অ্যালবামটি সেই বন্ধুরা মিলেই বের করছে। আমি কিন্তু সাত বছর বাংলাদেশে ছিলাম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। আমি জানি, সেখানে আমার গানের অনেক শ্রোতা আছেন। তাঁরা আমার গান ভালোবাসেন।’
সাহানা বাজপেয়ী গান গেয়েছেন বাংলাদেশের ছবিতে। জানালেন, সম্প্রতি রুবাইয়াৎ হোসেনের ছবিতে রবীন্দ্রসংগীত গেয়েছেন, ‘তোমায় গান শোনাব’। ছবির নাম আন্ডার কন্সট্রাকশন। ছবিতে অভিনয় করেছেন রাহুল বোস ও সাহানা গোস্বামী। গান গাইছেন ভারতের বাংলা ছবিতেও।
বাংলাদেশে এ মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নেই সাহানা বাজপেয়ীর। তবে ভবিষ্যতে আসবেন। আর তখন আসবেন গান গাইতে।