যাঁর সনে যাঁর ভালোবাসা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

বর পছন্দ হয়নি? কয়েক দিন পর বাই বাই জানিয়ে নতুন আরেকটা খুঁজে নিলেই তো হলো! হলিউডের অনেক তারকাই জীবনসঙ্গী বেছে নিতে এমন স্বল্পমেয়াদি পদ্ধতি মেনে চলেন। মাইলি সাইরাসের মতো পাগল গায়িকার জন্য এটা কোনো ব্যাপারই না। বয়সটাও কম, সবাই বড় জোড় বলবে, ছেলেমানুষ বাপু!
সাইরাসের গান নিয়ে আজ কোনো কথা হবে না। কথা হবে তাঁর বিয়ের আংটি নিয়ে। অস্ট্রেলিয়ান বর, মানে দ্য হাঙ্গার গেমস ছবির নায়ক লিয়াম হেমসওয়ার্থ। ওর সঙ্গেই প্রেমটা টিকে যায় হলিউড কাঁপানো তরুণ কণ্ঠশিল্পী মাইলি সাইরাসের। ২০১২ সালে হেমসওয়ার্থ তাঁর আঙুলে পরিয়ে দিয়েছিলেন প্রেমকে দৃঢ় করার সেই অঙ্গুরিখানি। বছর দু-এক পরেই মাইলি সাইরাসের হঠাৎ মনে হলো, বর পুরোনো হয়ে গেছে। ব্যস, ছাড়াছাড়ি।
বিচ্ছেদের পর মেয়েদের নাকি বেশ স্বাধীন স্বাধীন লাগে। আকাশে উড়ে বেড়াতে, বাতাসে ভেসে বেড়াতে ইচ্ছে করে। মাইলির ক্ষেত্রে তেমনটাই হলো। পাক্কা দুবছর নেচে-গেয়ে একাকার করে ফেললেন তিনি। একেবারে ‘যা খুশি তাই’ করা যাকে বলে। এরপরেই একদিন হৃদয়ে টান পড়ল। বড় একা একা লাগতে শুরু করল। হয়তো মনে পড়ে গিয়েছিল নিজের গাওয়া ‘আই মিস ইউ’ গানে কথাগুলোই—‘তুমি আমাকে পরি বলে ডাকতে/ বলতে আমি নাকি স্বর্গ থেকে নেমে এসেছি/ আগলে রাখতে দু বাহুর মাঝে/ সেসবই আমার ভালো লাগত/ আমি তো তোমায় ছেড়ে থাকতে পারি না/ আমি তো থাকতে চেয়েছি তোমারই বাহুডোরে/ তোমাকে ভীষণ মিস করছি...’ ইত্যাদি ইত্যাদি।
মনের মতো নতুন একটা মানুষ খুঁজে পাওয়া সহজ কথা নয়। হঠাৎ এক সংগীত উৎসবে একসঙ্গে দেখা গেল ওদের। তারপর আবারও সেই পুরোনো মানুষের কাছেই ফিরলেন এই তারকা শিল্পী। আবারও নিয়মিত বিভিন্ন জায়গায় একসঙ্গে তাঁদের দেখা পাওয়া যাচ্ছিল। যাঁর সনে যাঁর ভালোবাসা, তাঁদের তো নিজেদের কাছেই ফেরা উচিত। তাঁরা ফিরলেন এবং শুরু হয়ে গেল গুঞ্জন। যদিও সেই প্রথম দিনের মতোই লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন তাঁরা। কেননা পাপারাজ্জিদের ভীষণ ভয় সাইরাসের।
২০০৯ সাল থেকে যাঁর সঙ্গে প্রেম, তাঁকে নিয়ে আবার ফিসফাস কেনরে ভাই! মানুষের কি একটু ব্রেক নিতে নেই? গুঞ্জন হালকা করতে এক সকালে ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে ছবি ফাঁস করলেন সাইরাস। প্রেমিক লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে। ভাবটা এমন, নাও বাবা এবার থামো। সেই ছবিটা পুরোনো, আঙুলে সেই পুরোনো আংটি; এমনকি পাত্রও পুরোনো। শুধু শুরুটা নতুন এই যা!
রাসেল মাহমুদ
পিপল অবলম্বনে