ঘনিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত দিন, যার অপেক্ষায় অধীর হয়ে থাকেন চলচ্চিত্রপ্রেমীরা। ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে এ বছরের অস্কার আসর। তাই বিশেষ এ দিনটি সামনে রেখে আমাদের এই ধারাবাহিক অস্কার আয়োজন। আজ থাকছে অস্কারে মনোনয়ন পাওয়া ছবি ও শিল্পী-কুশলীদের নিয়ে কিছু তথ্য

এ বছরের দুই কনিষ্ঠ
৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সর্বকনিষ্ঠ দুই শিল্পী হলেন এমা স্টোন ও লুকাস হেজেস। এমা পেয়েছেন লা লা ল্যান্ড ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন। তাঁর বয়স ২৮। তিনি লড়ছেন ৬৭ বছর বয়সী মেরিল স্ট্রিপ, ৬৩ বছরের ইসাবেল হাপার্ট, ৩৫ বছর বয়সী নাটালি পোর্টম্যান ও রুথ নেগারের সঙ্গে একই বিভাগে। অন্যদিকে, পুরুষদের মধ্যে অস্কারের জন্য মনোনীত কনিষ্ঠ শিল্পী হলেন ২০ বছর বয়সী লুকাস হেজেস। ম্যানচেস্টার বাই দ্য সি ছবির জন্য এই শিল্পী পেয়েছেন সেরা সহ-অভিনেতা বিভাগে মনোনয়ন। তাঁর সঙ্গে একই বিভাগে অস্কারপ্রত্যাশী হিসেবে আছেন ৬৭ বছর বয়সী জেফ ব্রিজেস, ৪৩ বছর মাহেরশালা আলী, ৪২ বছরের মাইকেল শ্যানন ও ২৬ বছর বয়সী দেব প্যাটেল।
মিরান্ডা কি পাবেন দুর্লভ সেই খেতাব?
‘ইগট’ (EGOT) নামের একটি দুর্লভ উপাধি রয়েছে। যাঁরা এ বিষয়ে বিস্তারিত জানেন না, তাঁদের উদ্দেশে বলে রাখি। এই ইগট দিয়ে বোঝানো হয়—‘ই’ (E)-তে এমি অ্যাওয়ার্ড, ‘জি’ (G) গ্র্যামি, ‘ও’ (O) অস্কার ও ‘টি’ (T)-তে টনি অ্যাওয়ার্ড। এই চারটি পুরস্কারই সংস্কৃতি ও বিনোদনের চারটি শাখা—টেলিভিশন, সংগীত, চলচ্চিত্র ও মঞ্চের জন্য সবচেয়ে সম্মানজনক। যাঁরা এ চারটি পুরস্কারই পেয়েছেন, তাঁদেরই বলা হয়ে থাকে ইগট বিজয়ী। এ পর্যন্ত ইতিহাসে ২০ জনেরও কম মানুষ বিরল এ উপাধিটি পেয়েছেন। এ বছর সেরা সংগীত বিভাগে মোয়ানা ছবির ‘হাউ ফার আই উইল গো’ গান মনোনয়নের মধ্য দিয়ে সেই বিরল ইগট উপাধির দিকে এগিয়ে গেলেন গানটির সুরকার লিন-ম্যানুয়াল মিরান্ডা। তিনি এরই মধ্যে এমি, গ্র্যামি ও টনি অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন। এখন শুধু বাকি অস্কার। এটি জিতলেই বিরল সেই ইগট বিজয়ীর খেতাব জিতে যাবেন মিরান্ডা। সূত্র: ই অনলাইন