যাঁরা এসেছিলেন...
প্রতিবারই বোনকে সঙ্গে করে হাসতে হাসতে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আসেন দিলারা জামান। এবারও তার ব্যতিক্রম হয়নি। চোখে পড়েছে শুধু তাঁর প্লাস্টার করা হাত। দেশের বাইরে থেকে এই দুর্ঘটনাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। উদ্দেশ্য একটাই—জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলা এবং মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হওয়া। তাঁর ভাষায়, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান মিস করলে মনে হবে, বিশেষ কোনো উৎসব থেকে পিছিয়ে পড়লাম।’ একই অভিব্যক্তি কণ্ঠশিল্পী নকীব খানের। তিনি বলেন, এই অনুষ্ঠান হলো তারকাদের মিলনমেলা। দেখা যায় সারা বছর দেখা হয় না, এমন বন্ধু-সহকর্মীদের সঙ্গে এ অনুষ্ঠানে দেখা হয়। মুস্তাফা জামান আব্বাসী-আসমা আব্বাসী, ফেরদৌসী রহমান, মুস্তাফা মনোয়ার, আনিসুজ্জামান, সৈয়দ মনজুরুল ইসলামদের মতো বিদগ্ধ গুণীজনও অনুষ্ঠানে এসেছিলেন বড় ধরনের প্রত্যাশা নিয়ে। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের এক যুগ বলে কথা! অভিনেতা তারিক আনাম খান বললেন, কোনো আয়োজনের প্রথম কয় বছর মান ধরে রাখা সহজ, দীর্ঘদিন মান টিকিয়ে রাখা বেশ কঠিন। মেরিল-প্রথম আলো পুরস্কার সে কঠিন কাজটি করছে। মিতা চৌধুরী এবার সমালোচক বিভাগে জুরি বোর্ডে ছিলেন। তাঁর ভাষায়, ‘জুরি বোর্ডের কাজ করতে গিয়ে দেখেছি এখনকার নির্মাতারা বেশ ভালো কাজ করছেন।’ বিচারের কাজ করতে গিয়ে নিজের মতামতকেই প্রাধান্য দেওয়ার স্বাধীনতা পেয়েছেন সব বিচারক—এ রকম অভিব্যক্তি মিতা চৌধুরীর মতো চলচ্চিত্রের আরেক বিচারক শহীদুল ইসলাম খোকনের। লেখিকা রাবেয়া খাতুন বরাবরের মতো এবার এসেছিলেন ফিরোজা রঙের শাড়িতে সুসজ্জিত হয়ে। রুনা লায়লা গতবার এ অনুষ্ঠানটি মিস করেছিলেন। দেশের বাইরে থাকায় আলমগীর একাই এসেছিলেন অনুষ্ঠানে। এবার তাই দেরি না করে সময়মতোই হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। এসেছিলেন আফজাল পত্নী তাজিন হালিম, অভিনেতা সাজু খাদেম। সাজু আবারও স্মরণ করেন, দেশের ‘অস্কার’ মেরিল-প্রথম আলো পুরস্কার মিস করাটা বোকামি। এবার অনুষ্ঠানের পরদিন ছিল জুয়েল আইচের জন্মদিন। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা এই জাদুকরকে। অভিনেত্রী তারিনের এবার নাচ করার কথা ছিল মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে। কিন্তু ভারতের চিকিৎসকের কড়া বারণ—কিছুতেই নাচতে পারবেন না তারিন। পিঠের ব্যথায় কাতর হয়েও চিকিৎসকের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আগের রাতে দেশে ফিরেছিলেন তারিন। উদ্দেশ্য—মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের যুগপূর্তি উৎসব সশরীরে প্রত্যক্ষ করা। অপূর্বও এসেছিলেন সুসজ্জিত হয়ে, কালো রঙের পাঞ্জাবি পরে। লাল গালিচায় অপূর্ব নিজেই বলেছিলেন, তিনি না পেলে মোশাররফ করিম এবারের পুরস্কার পাবেন। গতবারের বিজয়ী মাহফুজ আহমেদও একই ভবিষ্যদ্বাণী করেছিলেন। হয়েছেও তাই। ইমন দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিগত পাঁচ বছর মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। এবার করতে না পারায় তাঁর অভিব্যক্তিটা এ রকম, ‘মনে হচ্ছে ঈদের দিন বের হয়েছি, কিন্তু ঈদের নতুন জামা কিনিনি।’ সাকিব আল হাসান, আশরাফুল, মাহমুদউল্লাহ এবং অন্যান্য ক্রিকেটারের জন্য এটাই ছিল প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার। প্রত্যেকেই ছিলেন ভীষণভাবে উত্তেজিত। নোবেল এসেছিলেন সস্ত্রীক, অনুষ্ঠানের মধ্যভাগে। ‘যতটুকু দেখেছি, অনুষ্ঠান সফলই মনে হয়েছে।’ নোবেলের মন্তব্য। সংবাদ পাঠিকা ফারহানা নিশো বরাবরই শুক্রবারের খবর পড়েন। তবে গতবারের মতো এবারও ছুটি নিয়ে এসেছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেখবেন বলে। অভিনেতা মাজনুন মিজান বলেন, ‘স্বপ্ন দেখছি, একদিন আমিও মেরিল-প্রথম আলো পুরস্কার পাব।’ অভিনেতা প্রবীর মিত্র ছিলেন অনুষ্ঠানের প্রথম অতিথি। তাঁর ভাষায়, ‘দেশের এত অশান্তির মধ্যে আনন্দের খোঁজে আমরা সবাই আজ এক হব। ভাবতেই ভালো লাগছে।’ অভিনেত্রী-নির্মাতা সুচন্দা, প্রয়াত মান্নার স্ত্রী শেলী কাদের, গিয়াস উদ্দিন সেলিম, অমিত হাসান, সুমাইয়া শিমু, নীরব, নোভা, শিবু কুমার শীল, ওয়াহিদ তারেক, কে এম আর মঞ্জুর, সুমন পাটওয়ারী, দিনাত জাহান, বর্ষা, সাঈদা ইসলাম, আবিদা সুলতানা, রফিকুল আলম, সালমা আলী, মাতিয়া বানু শুকু, জেনি, সোহানা নূর, মুরাদ পারভেজ, আবিদ, সুইটি, রিপন, আলাউদ্দিন আলী, সোহেল রহমান, ফারহানা মিলি, দীপা খন্দকার, দীপা (লাক্স), সুজানা আনসার, জিনাত হাকিম, এস এ হক অলীক, খালিদ মাহমুদ মিঠুসহ আরও অনেক মর্ত্যের তারারা এবারের অনুষ্ঠানের রাতের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলেছিলেন শতগুণ।