যাঁরা বৃষ্টিতে ভেজান

নিজের সঠিক বয়সটা বলতে পারলেন না আবুল হোসেন। বললেন, ‘ফিফটির ওপরে হইব।’ পঞ্চাশোর্ধ্ব মানুষটি জীবনের ৩০ বছর কাটিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। শুরুতে সিনেমার প্রোডাকশনে নানা ধরনের কাজ করতেন। এখন সিনেমার শুটিংয়ে ব্যবহার হয় এমন কিছু যন্ত্রপাতি তৈরি করে সেগুলো ভাড়া দেন। নিজে পরিচালনাও করেন। এসবের মধ্যে আছে বৃষ্টি নামানোর যন্ত্র। আবুলের ভাষায় ‘রেইন মেশিন’।
গত সোমবার সকালে ও রাতে কথা হলো আবুলসহ রেইন মেশিনওয়ালা কয়েকজনের সঙ্গে। আবুল জানালেন, যেখানেই শুটিং হোক, বৃষ্টি নামানোর জন্য একটা বড় ড্রামে পানি সংরক্ষণ করতে হয় সেখানে। তারপর পানি তোলার মোটর বসিয়ে ৫০ ফুট লম্বা প্লাস্টিকের পাইপ দিয়ে বৃষ্টি নামান। ঝরঝর বৃষ্টি পড়ার জন্য পাইপের মাথায় লাগানো থাকে বিশেষ যন্ত্র। একেকটা পাইপ নিয়ন্ত্রণ করেন একেকজন। ড্রাম থেকে মোটরের সাহায্যে পানি তুলে পাইপ দিয়ে নির্দিষ্ট জায়গায় বৃষ্টির ঝরান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেইন মেশিনের ভাড়া ১ হাজার ৫০০ টাকা। আর রেইন মেশিন চালিয়ে বৃষ্টি নামানোর জন্য কমপক্ষে চারজন লাগে। তাঁদের প্রতিদিনের সম্মানী ৮০০ টাকা।
আবুল জানালেন, রেইন মেশিন এফডিসিতে প্রবেশের আগে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর মেশিন দিয়ে বৃষ্টি নামানো হতো। সে বৃষ্টি অবশ্য ফোটায় ফোটায় পড়ার সুযোগ ছিল না। তাহলে এফডিসিতে কবে ঢুকল রেইন মেশিন?
বর্তমানে বিভিন্ন সিনেমার প্রোডাকশনে কাজ করা আমির হোসেন বললেন, ‘এফিডিসিতে একসময় এসব যন্ত্রপাতির ভাড়া দেওয়ার ব্যবসা করতেন আহমেদ সাহেব। আমি তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর সঙ্গে ১৯৯১ সালে গিয়েছিলাম কলকাতায়। সেখানকার একটা শুটিংয়ে প্রথম রেইন মেশিন দেখেছিলাম। তারপর দেশে এসে ওই রকম একটা রেইন মেশিন বানাই। এটা বানাতে আর্থিক সহযোগিতা করেছিলেন ওই সময়ের হিট নায়ক ইলিয়াস কাঞ্চন ভাই।’
আমিরের তথ্যমতে, প্রথম রেইন মেশিন ব্যবহার হয়েছিল ইলিয়াস কাঞ্চনের শুটিংয়েই। গুলশান ১–এর পাশের একটি বাগানে।
আবুলের সঙ্গে কথা বলার সময় পাশে ছিলেন আনোয়ার হোসেন নামের একজন প্রোডাকশন কর্মী। বললেন, রেইন মেশিন ব্যবহারের ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হয়। যেমন ক্যামেরায় যেন ঠিকঠাক বৃষ্টি বোঝা যায়। একদিকে বৃষ্টি আরেকদিকে শুকনা, এমনটা যেন না হয়। আবার বৃষ্টির ফোটাও যেন বড় ছোট না হয়। পানিও হতে হয় পরিষ্কার। শুধু তা–ই নয়, নায়ক-নায়িকারা যেন বিরক্ত না হন, সেদিকেও খেয়াল রাখতে হয়। এসব কাজের জন্য এফডিসিতে প্রস্তুত থাকেন মোকছেদ, রুবেল, বাবুল, খোকন ও আকবরের মতো অনেকেই।
আবুল হোসেন বললেন, ‘এখন পর্যন্ত অনেক নায়ক-নায়িকাই আমার দেওয়া বৃষ্টিতে ভিজেছেন। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি তো আছেনই। অঞ্জু ঘোষ, ববিতা, চম্পাও আছেন আবুলের বৃষ্টিতে ভেজার নায়িকার তালিকায়।
আছেন নায়কেরাও। কিছুদিন আগের ঘটনা মনে করিয়ে আবুল বললেন, ‘একবার শীতের মধ্যে শুটিং হচ্ছিল। ছবির নাম মনে নেই। কিন্তু নায়ক ছিলেন শাকিব খান। তাঁর জন্য গরম পানির বৃষ্টি নামাতে হয়েছিল অনেকক্ষণ।’
এখন এফডিসিতে শুটিং কমে গেছে। আবুল হোসেনের মতো প্রোডাকশনে কাজ করা অনেকেই হতাশ। আবুল বললেন, ‘বিজ্ঞাপনের কাজ হচ্ছে এ কারণেই এখনো বেঁচে আছি। নাহলে এফডিসিতে কাজের যে খরা, সেখানে শুধু বৃষ্টি নামিয়ে সংসার চালানো কঠিন হয়ে যেত।’