যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই জমে উঠেছে যাত্রা। ঈদ-যাত্রায় মেতেছে গীতিযাত্রা, সংলাপপ্রধান যাত্রার দলগুলো। ঈদের ভাবধারা-ঐতিহ্যের সঙ্গে সমন্বয় রেখে নিউ ভোলানাথ অপেরা খুলনার শেখেরটেক মঞ্চায়ন করবে রমজানের চাঁদ নামের ঐতিহাসিক পালা।এখন শুধু গ্রাম-গঞ্জ কিংবা শহর-উপশহরে নয়, খোদ রাজধানী ঢাকায়ও এর মঞ্চায়ন শুরু হয়েছে। কয়েক বছর ধরে ঢাকার বেশ কয়েকটি জনবহুল স্থানে গীতিযাত্রার মঞ্চায়ন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার প্রথম যাত্রার আসর বসেছে হাজারীবাগ-কামরাঙ্গীরচরের মাঝ বরাবর বালুর মাঠে। নিউ শিল্পী নাট্য সংস্থা নামের একটি গীতি যাত্রাদলের অভিনয় দেখতে শ্রোতারাও আসছে দলবেঁধে। সাগরভাসা, গুনাইবিবি, রূপবান, মহুয়া, কাশেম-মালার প্রেম, আলোমতি-প্রেমকুমার, লাইলী-মজনু, শিরি-ফরহাদ, পাতালপুরির রাজকন্যা, কাজলরেখা, সাত ভাই চম্পা দলের আকর্ষণীয় পালা। পালা পরিবেশনে পরিচ্ছন্নতা রয়েছে। এ কারণে শ্রোতারা যাত্রার ভাব-রসে সহজে মুগ্ধ হতে পারে। এই দলের একাধিক পালা দেখেছেন এমন শ্রোতারা জানালেন, দলটির পালাগুলো উপভোগ করার মতো। এখানে মাসব্যাপী যাত্রাগানের আয়োজনে কেয়া যাত্রা ইউনিট নামের আরও একটি দল অংশ নেবে। নিউ শিল্পী নাট্য সংস্থার আসরে গিয়ে দেখা গেছে, দর্শক আসছে মাঝরাত পর্যন্ত। এত রাতেও দর্শক আসছে! জানতে চাইলে আয়োজক-প্রধান জসিম মিয়া বলেন, এলাকায় বাসচালক-হেলপার, রিকশাচালক, ট্যানারি শ্রমিক ও লেদ-কারখানার লোকের বসবাস বেশি। তাই যে যখন কাজ থেকে ছাড়া পায়, তখন সে এসে প্যান্ডেলে ঢোকে। বাহাদুর নামের এক রিকশাচালক দর্শকের কাছে জানতে চাইলাম, গান কেমন হচ্ছে? তার সোজাসাপ্টা জবাব, ‘ভালো। প্রাণঢালা অভিনয়। গুনাইবিবি সে তো আমাদের দেশেরই কাহিনি। এই কাহিনি শুনলে গ্রামের কথা মনে পড়ে যায়। যাত্রার কাহিনির সঙ্গে প্রাণ উতলা হয়।’ পালাগানের বিয়োগান্তক ঘটনায় বহু দর্শককে চোখের পানি মুছতে দেখা গেছে হাজারীবাগের প্যান্ডেলে।