শক্তিশালী যাত্রাশিল্প আজ ধ্বংস হতে বসেছে। এই শিল্পকে বাঁচাতে কিছু মানুষের আবেদনের সঙ্গে সরকারও এগিয়ে এসেছে। আর তাই যাত্রার সংগঠন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া নিজেই যাত্রা প্যান্ডেল বসিয়ে যাত্রায় শুদ্ধতা আনার চেষ্টা চালাচ্ছেন। বাছা বাছা দলের পালাভিনয় দিয়ে দর্শক-শ্রোতাকে যাত্রামুখী করার চেষ্টা করছেন। আশুলিয়ার শ্রমিক-অধ্যুষিত এলাকায় তার আয়োজনে দেশের সেরা দল আদি রংমহল, প্রতিমা অপেরা, সবুজ অপেরা, সুন্দরবন অপেরা ও চৈতালীর পরিবেশনা শেষে এখন চলছে আদি ভোলানাথের গান। দলটি গীত-বাদ্য-অভিনয়সমৃদ্ধ। দলের প্রতিটি পালাতেই কীর্তনাঙ্গের গানের ব্যবহারে আলাদা একটা মাত্রা যোগ হয়েছে।
ঢাকার এই উত্তরাঞ্চল ঘিরে গত ঈদ উৎসব উপলক্ষে চারটি প্যান্ডেল বসে। কোথাও কোথাও নৃত্য-গীতে অশ্লীলতার অভিযোগও ওঠে। রমজান মিয়া সেই অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। পালা পরিবেশনে প্রতি রাতেই ভিন্নমাত্রা লক্ষ করা যাচ্ছে। দর্শকও খুশি হচ্ছে বাদ্য-বাজনা, নৃত্য-গীত-অভিনয়দর্শনে। যাত্রার পরিবর্তন আনতে এ এক মহতী উদ্যোগ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।