যাত্রা মৌসুমের শেষ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে মনে হচ্ছিল, কে যেন গাইছেন। কাছে গিয়ে দেখা গেল, তা গান নয়, কান্না। কলকাতার স্টেশনের প্লাটফর্মে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন বাংলাদেশি এক নারী শরণার্থী। কোলে তাঁর শিশুসন্তান। ক্ষুধায় কাতর নারীর কান্নাভেজা আর্তনাদই দূর থেকে গান বলে মনে হচ্ছিল। এ দৃশ্য মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত মা বিক্রির মামলা যাত্রাপালার। আনন্দ অপেরার প্রযোজনায় সাতক্ষীরার কপিলমুনির বারুণী মেলায় যখন এ পালার মঞ্চায়ন চলছিল, তখন হাজার দর্শকের চোখ-মুখে উত্কণ্ঠা। সে রাতের জন্য সবাই যেন ফিরে যান একাত্তরে। নতুন প্রজন্মের দর্শক জানতে পারে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে। পালাটি আনন্দ অপেরা চলতি বছরই মঞ্চে আনে। মা বিক্রির মামলা পালার রাতে দর্শকের উপচে পড়া ভিড় হয় বলে জানান ম্যানেজার আসগর আলী। হিসাব মতে, আজ বৃহস্পতিবার এখানে আনন্দের মঞ্চায়ন শেষ হওয়ার কথা। একই সঙ্গে আজ শেষ হবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মেলার যাত্রা। চলতি বছরের যাত্রা মৌসুমও শেষ হচ্ছে এ মাসে। সব জায়গাতেই যাত্রাপালায় বিদায়ের সুর।গোপীনাথপুর মেলায় চৈতালী অপেরা, আদি বঙ্গশ্রী অপেরা ও মৌসুমী অপেরা প্রতিদ্বন্দ্বিতামূলক মঞ্চায়ন করে আসছে মেলার শুরু থেকে। পাশাপাশি ২২টির মতো ‘বিচিত্রানুষ্ঠান বা ভ্যারাইটি শো’ প্যান্ডেলের সঙ্গে তাল রেখে চলতে গিয়ে যাত্রার ঐতিহ্যিক ধারা থেকে তিনটি দলকেই অনেকটা দূরে সরে আসতে হয়েছে। মেলার ঐতিহ্যও নষ্ট হচ্ছে—এমন মন্তব্য অনেকের। কেননা এসব ভ্যারাইটি শোর নামে এসব আয়োজনে অশালীন নৃত্যগীতই মুখ্য বিষয়।গবেষক-শিক্ষাবিদ অশোক কুমার সিংহ গোপীনাথপুর পরিক্রমায় বলেছেন, এ মেলার ঐতিহ্য ৪০০ বছরের। মৌসুমী অপেরার আয়োজক প্রদর্শক নুর আলম বলেন, ‘ভ্যারাইটি শোর প্রভাব এসে যাত্রায় পড়েছে। দর্শক ধরে রাখতে আমাদেরও বিকল্প নাচের ব্যবস্থা করতে হচ্ছে।’ চৈতালী অপেরার প্যান্ডেল আয়োজক মাহবুবুল আলম বলেন, ‘সার্কাস প্যান্ডেলে যাত্রার ব্যবস্থা করতে হয়েছে। ফলে দর্শক টানতে নাচের প্রতি গুরুত্ব দিতে হচ্ছে।’ সরেজমিনে গিয়ে দেখা গেল, এই প্যান্ডেলে নাচ শেষ করে পালা শুরু করতে রাত সাড়ে চারটা বাজে। চৈতালীর নট ও নির্দেশক হাবিব সারোয়ার ভীষণ বিব্রত এ প্যান্ডেলে। আদি বঙ্গশ্রী আছে আমোদ-আহ্লাদে। এটিও একটি সার্কাস প্যান্ডেলের ভেতর। নিরাপত্তা-বেষ্টনী ভেদ করে প্রশাসনের লোক আসতে আসতেই মঞ্চের নিচের চেহারা যায় পাল্টে। তখন বাজনাও বাজে অসংখ্য রাগ-রাগিণী সহযোগে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘অশ্লীলতার অভিযোগে ভ্যারাইটির কয়েকটি প্যান্ডেল করা হয়েছে। প্রতিদিন ডেকে তাদের সতর্ক করে দিচ্ছি। যাত্রা, সার্কাস প্যান্ডেলের ভেতর থাকায় আমার ঝটিকা অভিযান মাঝেমধ্যে ব্যর্থ হচ্ছে।’ তবে এতকিছুর মধ্যেও কিছু যাত্রাপালা মন ছুঁয়ে যায়। স্কুলছাত্র রমেশ তার বাবা গৌরাঙ্গ গাইনের সঙ্গে মৌসুমীর পালা দেখে বিস্ময় প্রকাশ করে। এই তার প্রথম যাত্রা দেখা। যাত্রায় এত ভালো ভালো উপদেশ থাকে তা সে আগে জানত না। তবে দীর্ঘসূত্রতা ও নাচ তার ভালো লাগেনি। মৌসুমের শেষ মুহূর্তে সংগঠিত যাত্রা দল অগ্রগামী যাত্রা ইউনিট প্রথম প্যান্ডেলেই হইচই ফেলে দিয়েছে। সুলতান সেলিমকে নটনির্দেশকের দায়িত্ব দিয়ে দলটি পরিচালনা করছেন যৌথভাবে আনন্দ অপেরার মালিক মোশাররফ হোসেন ও এম এ কাশেম। মোহনগঞ্জের পল্লিতে দলটির গান চলছে। ৩০ চৈত্র বাংলা যাত্রার চলতি মৌসুম শেষ হয়ে যাবে। যাত্রাদলগুলো ধীরে ধীরে প্রস্তুতি নেবে পরের মৌসুমের জন্য।