যাত্রা শুরু করল ছোটকাকু ক্লাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু সংগঠন ছোটকাকু ক্লাবের যাত্রা শুরু হল রাজশাহী থেকে
শিশু সংগঠন ছোটকাকু ক্লাবের যাত্রা শুরু হল রাজশাহী থেকে

মিডিয়াব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’। সমাজের প্রত্যেক মানুষকে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ছোটকাকুর মতো দেশপ্রেমিক, চিন্তাশীল আর সাহসী করে তোলার লক্ষ্যে এবার যাত্রা শুরু করল ছোটকাকু ক্লাব।
দেশের প্রতিটি জেলায় শিশু সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ছোটকাকু ক্লাবের নেপথ্যের মানুষদের।
এরই মধ্যে রাজশাহীতে প্রথম ছোটকাকু ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি দিলীপ কুমার ঘোষকে আহ্বায়ক ও কামারউল্লাহ সরকারকে সদস্যসচিব করে ১৫ সদস্যের এই ক্লাব গঠিত হয়েছে। ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, শহিদুল আলম সাচ্চু, সাংবাদিক খন্দকার আলমগীর প্রমুখ।
ছোটকাকু ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শহিদুল আলম সাচ্চু বলেন, ‘কচি-কাঁচার মেলা, মুকুল ফৌজের মতো ছোটকাকু ক্লাবও মূলত একটি শিশু সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে চাই আমরা। মুক্তচিন্তার চর্চার পাশাপাশি কল্যাণমুখী বিভিন্ন সামাজিক কাজে মানুষকে উত্সাহিত করাই হবে ছোটকাকু ক্লাবের লক্ষ্য।’

‘ছোটকাকু’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কক্সবাজারে কাকাতুয়া’ ধারাবাহিক নাটকটি গত ঈদে চ্যানেল আইয়ে প্রচারের পর বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে। আসছে ঈদুল আজহায় প্রচারের জন্য এখন ‘রাজশাহীর রসগোল্লা’ নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। তাঁর পরিচালনায় নাটকটির শুটিং চলছে রাজশাহীতে।