
হঠাৎ করেই বিলবোর্ডে প্রথম সারিগুলো ওলট-পালট করে মোটামুটি অখ্যাত এক শিল্পী যদি এসে রাজত্ব করা শুরু করেন, কেমন হয় ব্যাপারটা? অদ্ভুত না?
নামীদামি রাঘব-বোয়াল শিল্পী, সমালোচকদের অবাক করে এই সপ্তাহের টপচার্টে রয়েছেন অস্ট্রেলিয়ান শিল্পী ইগি আজালিয়া৷
তাঁর একক গান ‘ফ্যান্সি’ প্রায় হুড়মুড় করে মাত্র ১২ সপ্তাহের মাথায় শীর্ষস্থান দখল করল৷ এ ছাড়া টপচার্ট মেট্রিকের তিনটি শাখা (যেগুলোর মাধ্যমে কোনো গানের র৵াঙ্ক নির্ণীত হয়) যেমন: স্ট্রিমিং, এয়ারপ্লে আর ডিজিটাল গেইনার খেতাবও নিজের ঝুড়িতে পুরেছেন৷
জনপ্রিয়তার পারদ হঠাৎ করেই যেন ফুলে-ফেঁপে উঠল এবার৷ একটু পেছনে ফিরে তাকাই, আজালিয়ার জনপ্রিয়তার যাত্রা শুরু হয় ২০১১ সালের দিকে৷ তাঁর দুটি গান ভাইরাসের মতো ছড়িয়ে গিয়েছিল অনলাইনে৷ তারপর শুরু মডেলিং, গান আর র৵াপ৷
জন লিজেন্ডের তিন সপ্তাহের দখল করা শীর্ষস্থান নিজের করে বাজার কাঁপাচ্ছে ইগি আজালিয়ার গান ‘ফ্যান্সি’৷
দ্বিতীয় স্থানে আছে আরিয়ানার ‘প্রবলেম’, তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন সেই আজালিয়া!
সংগত কারণে আবার আজালিয়ার কথা বলতে হয়, বিলবোর্ডের ইতিহাসে তিনি তৃতীয় নারী এবং চতুর্থ র৵াপার যাঁদের একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থান দখলে৷
এই অর্জনের মাধ্যমে তিনি কালজয়ী ব্যান্ড ‘বিটলস’-এর সারিতে নিজের নাম লেখালেন৷
এখন একটু নিচের সারিতে যাই৷ তিন সপ্তাহ প্রথম স্থানে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে জন লিজেন্ডের ‘অল অব মি’৷ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে তাঁর পারফরমেন্সও দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে৷
চতুর্থ ও পঞ্চম স্থান গত সপ্তাহের মতো অপরিবর্তিত আছে৷
ফ্যারেলের ‘হ্যাপি’ আর স্নেক-লিল জনের ‘টার্ন ডাউন ফর হোয়াট’ এখনো প্রতিযোগিতায় টিকে আছে৷
শেষে আবার আজালিয়ার কথা বলি, বিলবোর্ড এখন নারীর নেতৃত্বে৷ এই বছরে এখন পর্যন্ত নয়টি পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি একটি পুরস্কার নিজের ভ্যানিটি ব্যাগে পুরেছেন৷ এখন, পথ তো আরও বাকি!
সাফিবিনদোহা