লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে ঈশানা ও স্বর্ণা। দুজনের মধ্যে সম্পর্কটা কেমন, ক্যাম্পের দিনগুলো কেমন ছিল দুজনের, ভবিষ্যত্ পরিকল্পনা কী—এমন সব প্রশ্নের উত্তর নিয়ে এ আয়োজন—
যাত্রা হলো শুরু
শুরুতে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের ক্যাম্পে যেতেই চাননি ঈশানা। সবাইকে ছেড়ে কীভাবে একা একা থাকবেন সেখানে! ‘তার ওপর মোবাইল ফোনসেট না নেওয়াটা ছিল একটা বড় ধাক্কা। দিনে মাত্র ২০ মিনিটের জন্য মোবাইল ফোনসেট দেওয়া হতো। কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলাম না।’ সোমবার কথা বলার সময় এমন কথাই বললেন ঈশানা। সেই আলাপচারিতায় স্বর্ণাও উপস্থিত।স্বর্ণা একসময় কথাবন্ধু ছিলেন। এরপর উপস্থাপক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। সেই অভিজ্ঞতার কারণেই হয়তো মানসিকভাবে বেশ প্রস্তুত ছিলেন। ‘আমার কাছে মনে হয়েছিল যে আমি পারব। সেই মানসিক শক্তিটা আমার আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমিও ভেঙে পড়েছিলাম। তখন ক্যাম্পের মেয়েরাই ছিল কাছের বন্ধু।’ঈশানা ও স্বর্ণার ভাগ্য যেন এক সূত্রে গাঁথা। চার মাসের ক্যাম্পে এ দুজনের জন্মদিন ঘটা করে আয়োজন করার সুযোগ পেয়েছিল সবাই। তার পরও সেরা দশে ওঠার আগে দুজনের মধ্যে ঠিকমতো নাকি বন্ধুত্বই গড়ে ওঠেনি! ‘সবার সঙ্গেই কমবেশি বন্ধুত্ব ছিল। কিন্তু শুরুতে স্বর্ণা আপুকে একটু ভয় ভয় লাগত। পরে দেখলাম, ওর মতো মজার মানুষ হয় না। একবার তো আমার খুব মন খারাপ ছিল। কান্না কান্না অবস্থা। স্বর্ণা আপু সারা রাত পাশে বসে আমাকে সান্ত্বনা দিলেন, গল্প করলেন।’ স্বর্ণা হেসে বললেন, ‘সামনাসামনি এত প্রশংসা করতে নেই রে! আসলে, আমার কাছে মঞ্চের বাইরে কখনো ওদেরকে প্রতিযোগী মনে হয়নি। যখন ক্যাম্পে থাকতাম, তখন পুরোপুরিই আমরা বন্ধু। আমার কয়েকটা কথায় যদি কারও মন ভালো হয়ে যায়, সেটা কি কম পাওয়া?’ একমত হয়ে ঈশানা বললেন, ‘সেটাই বা কয়জন করে?’দুজনকে দুজনের সম্পর্কে বলতে বললে কী বলবেন? মুখ খুললেন স্বর্ণা, ‘ঈশানা খুব সুন্দর একটা মেয়ে। মায়া ভরা মুখটা দেখলেই আদর করতে ইচ্ছে করে। ওকে দেখে যতটা বাচ্চা বাচ্চা মনে হয়, ও কিন্তু তেমন নয়। ভেতরে ভেতরে বেশ পরিণত। অভিনয়টাও দারুণ করে। এগুলোই ওকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ ঈশানা বলেন, ‘স্বর্ণা আপুর সবচেয়ে বড় গুণ হচ্ছে, উনি প্রাণশক্তিতে ভরপুর। কোনো কিছুতেই না নেই। আগে থেকে কাজ করায় উনি অনেক কিছু জানতেন, বুঝতেন—যেটা কিনা আমরা আরও কয়েক বছর কাজ করে শিখব।’জানতে চাই তাঁদের নিজেদের সম্পর্কে। স্বর্ণা বললেন, ‘ঈশানার কথাটা একদম ঠিক। আমি আগে থেকে কাজ করায় অনেক কিছুই জানি, বুঝি। আমি চারুকলার ছাত্রী ছিলাম। সেই শিল্পীমন আমাকে অনেক সাহায্য করে। আমি সহজে হাল ছেড়ে দিই না। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা আমার আছে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার যোগ্যতা সম্বন্ধে জানি। তাই ভুল কোনো সিদ্ধান্ত আমি নেব না আশা করি।’ ঈশানা বললেন, ‘আমার অনেক ধৈর্য। শেখার আগ্রহ প্রচুর। এ দুটোকে পুঁজি করেই এগিয়ে যেতে চাই সামনের দিকে।’ একটু থেমে আবার বললেন, ‘একসময় খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। এখন চারপাশটা অনেক বদলে গেছে। দর্শক আছেন এর পেছনে। আর পরিবারের কথা বলতে হয় আলাদা করে। এখন অভিনয় করে যেতে চাই মনপ্রাণ ঢেলে। প্রতিষ্ঠিত হতে চাই অভিনেত্রী হিসেবে।’ স্বর্ণা অবশ্য পা ফেলতে চান একটু হিসেব-নিকেশ করে। তাই এখন পর্যন্ত কোনো নাটকের কাজে হাত দেননি। স্বপ্ন দেখেন দেশের সেরা উপস্থাপক হওয়ার। ‘আমাকে যেন একধরনের চরিত্র বেঁধে ফেলতে না পারে, সে জন্য বেছে বেছে কাজ করতে চাই। অভিনয় করব, তবে উপস্থাপনাকে প্রথম পছন্দ হিসেবে দেখছি।’