যাত্রাগানে উত্তরাঞ্চল সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন অপেরার সামাজিক পালার দৃশ্য
সুন্দরবন অপেরার সামাজিক পালার দৃশ্য

শীতের রাত আর ঘন কুয়াশা ঠেলে বিপুল উৎসাহের সঙ্গে দর্শক আসছে যাত্রা প্যান্ডেলে। কয়েক দিন আগ থেকে ঠাকুরগাঁও জেলার রুহিয়া, দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহার রোল থানায় মৌসুমি মেলা বসেছে। মেলায় অন্য অনেক কিছুর সঙ্গে আকর্ষণীয় বিষয় হচ্ছে যাত্রা-সার্কাস। অনেক বছর ধরে হয়ে আসা এসব মেলায় এ বছরও যাত্রাগান লোকজনকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

কাহার রোল থানার জিন্দাপীর মেলায় গান গাইছে পারুল চৌধুরীর সুন্দরবন অপেরা, ওয়াসিম আসকারের নির্দেশনায় ওটি বিশ্বাসের চ্যালেঞ্জার অপেরা, জোনাকী অপেরা। ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রুহিয়া আজাদ মেলায় আছে মৌসুমী পারবীনের আদি ভোলানাথ অপেরা। এখানে চৈতালী নামের একটি নতুন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছে ভোলানাথকে। বীরগঞ্জের কালীর মেলায়ও একই সঙ্গে তিনটি যাত্রার দল প্রযোজনায় নেমেছে। সব মেলা ঘুরে দেখা গেছে, অন্যান্যবারের তুলনায় এবার মেলার গানে শালীনতা এসেছে। পালার ভাব-ভাষা-ছন্দ গানে দর্শক আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে নতুন পালা থাকলে তার প্রতি আকর্ষণ আরও বাড়ছে। এ ক্ষেত্রে এগিয়ে আছে আদি ভোলানাথ অপেরা, চৈতালী অপেরা, সুন্দরবন অপেরা।

সুন্দরবনেরসুন্দরী পালার জয়জয়কার যাচ্ছে। একই সঙ্গে ভোলানাথের নতুন পালা সুজন বেদের ঘাট ও রক্তে রাঙা সোনার বাংলা দর্শক সাদরে গ্রহণ করেছে। চৈতালীর মুক্তিফৌজ আর মা মাটি মানুষ দর্শকপ্রিয়তার তুঙ্গে আছে। বিপুল দর্শকসমাগম দেখে মেলায় যাত্রাগান আয়োজনকারীরা আছেন ফুরফুরে মেজাজে।

রুহিয়া আজাদ মেলায় সব দলের পালা দেখেছেন, এমন একজন দর্শক বসন্ত মোদক। পেশায় মিষ্টি ব্যবসায়ী। মেলায় দোকান দিয়েছেন। কেনাবেচার পর প্রতি রাতে যাত্রা দেখেন তিনি। বসন্ত মোদক জানান, যাত্রাগান শুনে তিনি অনেক কিছুই শিখতে পেরেছেন। পাঠ্যবইয়ে যেমন জ্ঞানের কথা থাকে, তেমনি যাত্রাপালায়ও উপদেশ-নির্দেশ, প্রবাদ-প্রবচনসহ লোকশিক্ষার বহু উপাদান রয়েছে। কান্তজীর মেলায় চ্যালেঞ্জারের গুরুদক্ষিণা পালা দেখে স্কুলছাত্র পরিতোষ তার কাকা হরিপদ বাইনকে বলে, ‘যাত্রায় এত ভালো ভালো কথা থাকে!’ গুরু-শীষ্যের ভক্তিবাদ তার কাছে ভালো লেগেছে। সে তার অন্য সহপাঠীদের যাত্রা দেখার কথা বলবে জানায়।

উত্তরাঞ্চলে এই মেলায় যাত্রা জোয়ার থাকতে থাকতেই পঞ্চগড়ে শুরু হচ্ছে ‘আলোখোয়া মেলা’। এ মেলায়ও চারটি-পাঁচটি আসর বসবে একত্রে। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে সরগরম থাকবে যাত্রাঙ্গন।