যাত্রাগানে বাড়ছে দেশপ্রেম
‘যাত্রা। মাত্র দুই অক্ষরের একটি শব্দ। অথচ কী সম্মোহনী শক্তি এর! নাম শোনামাত্রই গায়ের ভেতর শিহরণ জাগে। তাত্ক্ষণিক একটা ভাবান্দোলনের সৃষ্টি হয়।’ দিনাজপুরের খানসামা মেলায় নিউ রাজমহল অপেরার পালা দেখে এমন তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছিলেন রাজশাহী সিটি কলেজের সাবেক অধ্যাপক মঈন উদ্দিন আহম্মেদ। এখানে ঐতিহাসিক পালা দেবী সুলতানা, সিরাজউদ্দৌলা, সামাজিক পালা ফাঁসির মঞ্চে মাটির মা দেখেছেন তিনি। দিনাজপুরে বাড়ি হওয়ায় মেলাকেন্দ্রিক যাত্রাগানের সঙ্গে আগে থেকেই পরিচিত। তাঁর মতে, যাত্রা হচ্ছে একটি ইনস্টিটিউট। সেখানে শিক্ষা নেওয়া যায় এবং শিক্ষা দেওয়া হয়। রাতে যাত্রামঞ্চের দর্শকেরা পালাগান শুনে শুধু বিমোহিতই হন না, দেশপ্রেমেও উদ্বুদ্ধ হন। চরিত্র গঠনের উপদেশ নিয়ে বাড়ি ফেরেন। নিউ রাজমহল অপেরায় রয়েছে বেশ কটি বিপ্লবাত্মক পালা, যার ভাব-ভাষা-ছন্দ-সুর শুনলেই অন্তরে একরকম শিহরণ জাগে। ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভূমিকা পালন করছে দলটি—এমন মন্তব্য দলের সর্বাধিনায়ক-সংগঠক অজয় সরকারের। গায়িকা-নায়িকা পূর্ণিমা ব্যানার্জির কণ্ঠে দেশাত্মবোধক গান আর নট-নির্দেশক কুমার দেবদাসের উদাত্ত আহ্বান শুনে রাতের দর্শক দলটির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। কম যাচ্ছে না প্রতিমা অপেরার জুটি হামিদ-কল্পনা। সাগরদাঁড়ির মাইকেল মেলায় হাজার হাজার দর্শক মাত করেছে এই জুটি। দলে রয়েছে পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক ও জীবনঘনিষ্ঠ বিপ্লবাত্মক পালা। এদিকে ছয় বছর পর পুনরায় যাত্রায় এসে হইচই ফেলে দিয়েছেন সাতক্ষীরার অশোক ঘোষ। যাত্রায় তাঁরা পঞ্চ পাণ্ডবখ্যাত। একসময় পাঁচ ভাইয়ের প্রত্যেকেই এক একটি দলের প্রধান চরিত্রাভিনেতা ও নির্দেশক থাকতেন। কয়েক বছরের পেশা-মন্দায় যাত্রা ছেড়েছিলেন এই ঘোষ পরিবারের সবাই। এবার যাত্রার শুভ লক্ষণ দেখে যোগ দিয়েছেন সংগীতা অপেরায়। মনিরামপুরের ব্যবসায়ী সুনীল ঘোষের দল সংগীতা। সংগীতায় তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন যাত্রায় অপেক্ষাকৃত কম বয়সী গায়িকা-নায়িকা পূরবী দত্ত। অসম্ভব রকম সুপার অ্যাকশনে নট-নির্দেশক অশোক ঘোষের পালা নির্বাচনে ও নির্দেশনায় রয়েছে মুনশিয়ানার ছাপ। ভ্রাতৃত্ব, দেশপ্রেম ও জাতীয় জাগরণমূলক পালাসম্ভারে সাজানো হয়েছে সংগীতাকে। আলাপচারিতায় অশোক ঘোষ বলেন, দেশের যাত্রামালিকদের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করছে। দেশীয় প্রেক্ষাপটে দেশপ্রেমের পালার প্রতি তাদের আগ্রহ বাড়ছে। চৈতালীর নট-নির্দেশক হাবিব সারোয়ার জানান, ফেব্রুয়ারি মাসে ভাষার গুরুত্ব রয়েছে এবং মুক্তিযুদ্ধের আবহে রচিত এমন সব পালার অভিনয় করবেন তাঁরা। এ মৌসুমে প্রতিটি প্যান্ডেলে নবাব সিরাজউদ্দৌলা পালা মঞ্চায়িত করে তাঁরা প্রশংসিত হচ্ছেন। হাবিব-দেবশ্রী জুটির সঙ্গে উঠতি সহনায়িকা শিল্পীও প্রশংসিত হচ্ছেন। শিল্পী আগামী দিনে সরাসরি নায়িকা চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। অনুরূপ আনন্দ অপেরার সহনায়িকা লক্ষ্মী রানীও আগামী মৌসুমে নায়িকা হিসেবে আসছেন। রূপে-লাবণ্যে লক্ষ্মী-শিল্পী দুজনই সমান। গীতিনাট্য যাত্রাপালার আয়োজক জলিল মিয়া ফেব্রুয়ারিতে চালাবেন সাহিত্যমানসম্পন্ন পালা। সেখানে থাকবে জাগরণের ডাক। পালায় থাকবে দেশপ্রেম। নৃত্যে থাকবে চঞ্চলতা। ভাষা আন্দোলন, স্বাধীনতা, গণ-অভ্যুত্থান নিয়েই সেই চঞ্চলতা। এখন তাঁর প্যান্ডেলে শ্যামপুরে চলছে গীতিযাত্রা। ঢাকার বলাকা শিল্পীগোষ্ঠীও পালা মঞ্চায়ন করছে। বরাবরই তিনি প্রচ্ছন্ন গানবাজনার আয়োজন করে ‘যাত্রাদলের বন্ধু’ খ্যাতি পেয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি মুক্তিযুদ্ধের আদর্শের লোক। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বিপ্লবী কোনো ব্যক্তির জীবনকেন্দ্রিক পালা না থাকলে সেই দল নিয়ে গান করান না। এবার আরও একটি প্যান্ডেল প্রক্রিয়ায় রয়েছে গাবতলীতে। সেখানেও বিবেচনা করে দল তুলবেন বলে তিনি জানান।