যাত্রাগানে মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে দুই বাংলায় অসংখ্য যাত্রাপালা রচিত হয়েছে। সেই পালাগুলো নিয়ে এ দেশের যাত্রাদলগুলো গ্রামগঞ্জ চষে ফিরে পালন করছে ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভূমিকা। যাত্রাদলগুলোর মধ্যে আনন্দ অপেরা ধরেছে রক্তাক্ত সোনার বাংলা। এর কাহিনি ১৯৭১-এর যুদ্ধের সূচনা থেকে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত। চৈতালী অপেরা এনেছে একাত্তরের সোনার বাংলা। বিজয়ের মাসে প্রতিটি প্যান্ডেলে উদ্বোধনী ও শেষ রজনীতে দুবার করে পালাটি মঞ্চস্থ হবে। নিউ ভোলানাথ অপেরা খুলেছেন নারায়ণগঞ্জের মেয়ে মৌসুমী পারভীন। প্রথম বছরেই দলে রেখেছেন দুখানা মুক্তিযুদ্ধের পালা। সোনার বাংলা নামের পালাটিতে এসেছে সরাসরি মুক্তিযুদ্ধ। অপর একটি পালা গঙ্গা থেকে বুড়িগঙ্গায় মুক্তিযুদ্ধ এসেছে প্রতীকী চরিত্রের মাধ্যমে। আদি বলাকা অপেরা মঞ্চে এনেছে বাংলার মুক্তি। দলে আরও একটি পালা প্রস্তুতির পথে রয়েছে। পালাটির নাম মুক্তিফৌজ। সত্য প্রকাশ দত্ত রচনা করেন বঙ্গবন্ধু মুজিবুর নামের যাত্রাপালা। উৎপল দত্ত লেখেন জয়বাংলা। দুটি পালাই এবার আদি রাজমহল ও নিউ রাজমহল অপেরা মঞ্চে এনেছে। এ ছাড়া দিলীপ সরকারের বাংলার বিজয়, নজরুল ইসলামের বাংলার মুক্তি, কাজী জাহাঙ্গীরের বাঘা যতীন আসছে নিয়মিত মঞ্চায়ন হচ্ছে মৌসুমী অপেরায়। নিউ রংমহলে সুলতান সেলিমের রক্তে রাঙা একাত্তর প্রস্তুতির পথে রাখা হয়েছে। এবার মঞ্চে আসা রক্তে রোয়া ধান, আনন্দ মঠ, ওয়ারেন হেস্টিংস, রক্তাক্ত তেলেঙ্গানা, বিপ্লবী ভিয়েতনাম, পদধ্বনি আমাদের যাত্রামঞ্চের রাজনৈতিক ধারার পালা হিসেবে গুরুত্বপূর্ণ।