যাত্রাজট খুলতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাজট ধীরে ধীরে খুলতে যাচ্ছে। এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্দশার কথা ভেবে স্থানীয় প্রশাসন অনেকটা নমনীয় হয়েছে। ভালো কোনো আয়োজন থাকলে তার অনুমতি দিতে প্রশাসন আর আপত্তি তুলছে না।
সম্প্রতি ময়মনসিংহ থেকে একটি প্রচ্ছন্ন যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে মেহেরপুরে স্বচ্ছ যাত্রার আয়োজন হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার পবা উপজেলার দারুদাহতে আনন্দ আয়োজনে যাত্রার অনুমতি মিলেছে। ১৫ জানুয়ারি সেখানে যাত্রা শুরুর আগে দর্শক সচেতনতা বাড়াতে যাত্রাশিল্পীরা অশ্লীলতাবিরোধী এক শোভাযাত্রা বের
করেন। তাতে মেলা কমিটি আর যাত্রাশিল্পীদের সঙ্গে স্থানীয় সংস্কৃতিকর্মী ও রাজনীতিকেরা অংশ নেন।
মেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান জানিয়ে দেন, যাত্রা-যাত্রাই থাকবে। কোনো অসুন্দর কিছু পরিবেশনা হতে দেওয়া হবে না। সাতক্ষীরার দিগ্বিজয়ী অপেরার গানবাজনা দিয়ে আনন্দ মেলা শুরু হয়েছে। প্রথম রাতে মেঘে ঢাকা তারা পালা পরিবেশন করে দলটি। এই দলের মরমী বধূ, মায়ের চোখে জল, স্বামীর চিতা জ্বলছে, কোহিনুর, জেল থেকে বলছি, ডাইনী বধূ, আনারকলি, সুজন বেদের ঘাট, সোনার বাংলা দেখার সুযোগ পাবেন দর্শক। দলের প্রধান সংগঠক এম এ মান্নান বলেন, তিনি প্রাচীন এই লোকনাট্য সম্পদ যাত্রাকে মাত্রাবোধের পথে আনতে নামীদামি শিল্পীর সমন্বয়ে দল গড়েছেন। নায়ক-নায়িকা কবির খান ও বাসন্তী সাহার অভিনয়ে দর্শকেরা মুগ্ধ হয়ে বাহবা দিচ্ছে। ভিলেন অভিনেতা সাধন সরকার, টপার সুনীল মণ্ডল আছেন তাঁর দলে। প্রশিক্ষিত শিক্ষক দিয়ে সংগীতে সুর বসানো ছাড়াও নাচে লোকজ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।