চলচ্চিত্র আর দেশি-বিদেশি টিভি চ্যানেলের সঙ্গে পাল্লা দিতে কিছু যাত্রাদল নিজেদের ঢেলে সাজাচ্ছে। যুক্ত করছে তথ্যপ্রযুক্তির নানা চমক। যাত্রাপালার গল্পের জন্য বেছে নিচ্ছে সমসাময়িক ঘটনা। এসেছে মার্শাল আর্ট। নাচ আর গানে আনা হচ্ছে নতুনত্ব। এসব পালাতে অভিনয়ের জন্য অভিজ্ঞ ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি রয়েছে নতুন সম্ভাবনাময় ছেলেমেয়েরাও। যাত্রাদলগুলোর অধিকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, সময়ের প্রয়োজনেই এমন চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তাঁরা।
দেশের প্রবীণ যাত্রা মালিক মোশারফ হোসেন ও হারেজ আলী শাহ বলেন, ‘দর্শকেরা এখন নতুন কিছু চায়। পুরোনো গল্পের ব্যাপারে দর্শকদের এখন আর তেমন আগ্রহ নেই। দর্শকদের কথা মাথায় রেখেই আমরা সবকিছু ঢেলে সাজাচ্ছি।’
এদিকে যাত্রাদলগুলোর অধিকর্তাদের কথার প্রমাণ পাওয়া যায় তাঁদের নতুন পালাগুলোর মহড়া দেখে। সমসাময়িক নানা কিছু যুক্ত হওয়ায় পালাগুলো হয়ে উঠেছে আকর্ষণীয়।
দুর্গাপূজা থেকে শুরু হয় যাত্রার মৌসুম। এ বছর শুরু থেকেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে কিছু যাত্রাদল। সংশ্লিষ্টদের আশা, নতুন এসব পালা দর্শকদের আগ্রহ বাড়াবে।