যাত্রাদলে মাসব্যাপী দেশাত্মবোধক পালাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলানাথ অপেরার পরিবেশনা
ভোলানাথ অপেরার পরিবেশনা

মহান বিজয়ের মাসে পেশাদার-অপেশাদার উভয় মাধ্যমের যাত্রাদলে নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে। অধিকাংশ যাত্রাদলে মাসব্যাপী দেশাত্মবোধক গান, জাগরণের যাত্রাপালা এবং ঐতিহাসিক, সামাজিক ও দেশাত্মবোধক পালার বিশেষ মঞ্চায়ন হচ্ছে। ভ্রাম্যমাণ যাত্রা প্যান্ডেলে এসব পালার মঞ্চায়ন ও জাগরণী যাত্রাগান শুনে শ্রোতা-দর্শক দারুণ আপ্লুত হচ্ছে।
ঢাকায় শিল্পকলা একাডেমী রেপাটরি যাত্রাদল রক্তাক্ত প্রান্তর পালার উন্মুক্ত মঞ্চায়ন শুরু করেছে। দেশ অপেরা আয়োজন করেছে জাগরণী যাত্রা উৎসব। যাত্রার দল ‘জয়যাত্রা’ মঞ্চে আনছে ঐতিহাসিক পালা। সাভারের শিল্প এলাকায় ‘বাংলার বাণী’ অপেরা গীতিনাট্য গোছের যাত্রাপালায়ও দেশাত্মবোধক গান-বাজনা করে ভিন্ন রকম ব্যঞ্জনা তৈরি করতে সক্ষম হয়েছে। এই প্যান্ডেলের আয়োজক রমজান আলী মিয়া জানান, এই বিজয়ের মাসব্যাপী প্যান্ডেলে দেশাত্মবোধক গান, বাঙালির বীরত্বগাথা পালা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া আজাদ মেলায়, পঞ্চগড়ের আটোয়ারী আলোখোয়া মেলায় ও দিনাজপুরের নেক মরদ মেলায় একই সঙ্গে চার থেকে পাঁচটি করে পৃথক যাত্রা প্যান্ডেলে প্রতিদ্বন্দ্বিতামূলক পালা প্রতিযোগিতা হচ্ছে। সব দলেই পালা মঞ্চায়নের আগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, দেশাত্মবোধক গান ও বিপ্লবাত্মক গীতিনাট্যের মঞ্চায়ন করছে। তাতে দর্শক যাত্রাপালার সঙ্গে এসব অনুষ্ঠানের একটা ভিন্ন আমেজ পাচ্ছে। এদিকে ঢাকার সন্নিকটে শিমরাইল যাত্রা প্যান্ডেলেও অনুরূপ গীতবাদ্য, আলোচনা ও যাত্রাপালার জারক রসে সিক্ত হচ্ছেন দর্শক। নেত্রকোনার পয়সার হাট যাত্রা প্যান্ডেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা পালা শুরুর আগে যুদ্ধজয়ের গল্প বলছেন প্রতিদিন। দলের শিল্পীরা নৃত্যগীতের মাধ্যমে ফুটিয়ে তুলছেন মুক্তিযুদ্ধের গৌরবগাথা। সরাসরি মুক্তিযুদ্ধের পালা মঞ্চে এনেছে আদি ভোলানাথ অপেরা। রাজলক্ষ্মী অপেরা, স্বদেশ অপেরা, নিউ সবুজ অপেরা, মহানন্দা অপেরা, মধুছন্দা যাত্রা ইউনিট, নিউ রংধনু অপেরা, বন্ধন নাট্য সংস্থা, চ্যালেঞ্জার অপেরা, প্রতিমা অপেরা, আনন্দ অপেরা, সুন্দরবন অপেরা, চৈতালী অপেরা, বৈকালী অপেরা।
যাত্রাকে অরক্ষয় ও অবলুপ্তির হাত থেকে রক্ষা করার প্রয়াসে দেশ অপেরা, লোকনাট্য গোষ্ঠী ও যাত্রা জয়যাত্রার মতো অন্য দলগুলোও চেষ্টা করে যাচ্ছে।