যাত্রাদলের নায়ক সজল
এবার যাত্রাদলের নায়ক হলেন সজল। শাহানা সুমীর রচনা ও মাতিয়া বানু শুকুর পরিচালনায় একক নাটক ‘রংয়ে রংয়ে রুপবান’ নাটকে যাত্রার নায়কের ভুমিকায় অভিনয় করলেন সজল।একটি যাত্রা দলের গল্প রচিত হয়েছে নাটকটি। এতে দেখা যায়, যাত্রাদল নিয়ে গ্রামে আসে সজল। এখানে তাঁর পরিচয় ঘটে সানজিদা প্রীতির সঙ্গে। যাত্রাপালা দেখতে দেখতে একসময় সজলের প্রতি এক ধরণের ভালোলাগা তৈরি হয় প্রীতির। কিন্তু যাত্রাপালায় কাজ করার কারণে সজলকে দেশে দেশে ঘুরতে হয়। তাই প্রীতির ভালোবাসাকে এড়িয়ে যায় এবং নানা ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে সজল। কিন্তু প্রীতি কোন কিছুতেই দমবার নয়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘রংয়ে রংয়ে রুপবান’ নাটকের গল্প।সজল বলেন, এমনিতে কখনোই যাত্রাপালা দেখা হয়নি। ‘রংয়ে রংয়ে রুপবান’ নাটকটিতে কাজ করার আগে সিডিতে কয়েকটি যাত্রাপালা দেখেছি। তারপর সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। সজল আরও বলেন, নাটকটি কাজ করার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টি উপেক্ষা করেই আমাদেরকে নাটকের শুটিং করতে হয়েছে। এমনিতে এ ধরণের নাটকে আগে কখনো কাজ করা হয়নি। পুরো কাজটিতে সবাই মিলে অনেক মজা করেছি। সজল ও সানজিদা প্রীতি ছাড়া ‘রংয়ে রংয়ে রুপবান’ নাটকের অন্যান্য অভিনয়শিল্পিরা হলেন শামীমা নাজনীন, রুনা খান প্রমুখ। জানা গেছে, নাটকটি ঈদে বৈশাখি টেলিভিশনে প্রচারিত হবে।