যাত্রাপালা অবলম্বনে নাটক'যাত্রাভঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যাত্রাভঙ্গ’ নাটকের একটি দৃশ্য
‘যাত্রাভঙ্গ’ নাটকের একটি দৃশ্য

আবহমান বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে নিয়ে নির্মিত হয়েছে ঈদের ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘যাত্রাভঙ্গ’। বাংলাদেশের বিলীনপ্রায় এ শিল্পকে নিয়ে নাটকটির কাহিনি সাজানোর পাশাপাশি এটি পরিচালনা করেছেন নির্মাতা শিমুল সরকার।
নাটক সম্পর্কে শিমুল সরকার বলেন, ‘এই নাটকে হাস্যরসের মাধ্যমে যাত্রাশিল্পের বর্তমান অবস্থার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। হারিয়ে যেতে বসা যাত্রাপালাকে স্মরণ করার জন্যই আমার এই প্রয়াস। আমরা ক্রমেই যাত্রার কথা ভুলে যাচ্ছি। যাত্রার শিল্পীরা অসহায়ের মতো দিন যাপন করেন এখন। এ বিষয়টিতে যেন সবার দৃষ্টি পড়ে, সেই প্রত্যাশা নিয়েই এই চেষ্টা। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।’
নাটকের কাহিনিতে একটি গ্রামে যাত্রাপালার আয়োজন হলে পুরো এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। যাত্রায় মহড়া শুরু হয়। শহরের যুবকেরাও চলে আসেন এই যাত্রাপালায় অংশ নিতে। অনেক টাকা দিয়ে নায়িকা ভাড়া করে আনা হয়। কিন্তু ঘটনাচক্রে যাত্রাপালাটি আর হতে পারে না। শহরের এক যুবকের হাত ধরে নায়িকা পালিয়ে চলে যায়।
আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে হাসির নাটকটি। ঈদুল ফিতরের শুরুর দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নাটকটি প্রচার করবে আরটিভি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম, রুনা খান, সঞ্জীব আহমেদ, রফিকুল্লাহ সেলিম, জাহাঙ্গীর হোসেন, শামীমা নাজনীন, ফরহাদ শিশির প্রমুখ।