
নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবের শেষ দিন ছিল যাত্রাপালার মঞ্চায়ন। তাই নাট্যমঞ্চকে দেওয়া হয় যাত্রামঞ্চে রূপ। অভিনয় করছিলেন যিনি, ভরাট কণ্ঠ তাঁর হঠাৎ থেমে যায়। নীরব এক আর্তনাদ তাঁর অবয়বে। না! এ তো অভিনয় নয়, বাস্তব!
যাত্রামঞ্চে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এভাবেই জীবন থেকেই শেষযাত্রা করলেন ভাটি অঞ্চলের যাত্রাভিনেতা ও পালাকার নিবারণ চন্দ্র দাস (৪৮)। ১১ মার্চ সন্ধ্যায় সিলেট নগরের কবি নজরুল মিলনায়তনে গরিবের আর্তনাদ নামের তাঁর নির্দেশিত যাত্রায় অংশ নিয়ে আর ফেরা হলো না এই যাত্রাশিল্পীর।
নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের শেষ দিন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটি বাংলা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় গরিবের আর্তনাদ যাত্রা মঞ্চায়ন হয়। নিবারণ চন্দ্র দাস যাত্রাপালা নির্দেশনা দেওয়ার পাশাপাশি একটি চরিত্রে অভিনয় করছিলেন। রাত ৯টা ২০ মিনিটের দিকে বুকে ব্যথা অনুভব করে যাত্রামঞ্চেই ঢলে পড়েন নিবারণ। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সুপ্রিয় দেব জানান, শুক্রবার রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃষ্ণপুর গ্রামে নিয়ে দাহ করা হয়। পরদিন শনিবার বিকেলে কবি নজরুল মিলনায়তনের মুক্ত মঞ্চে শোকসভা করে নাট্যোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা নিবারণ পেশায় ছিলেন একজন হোমিও চিকিৎসক। সিলেট নগরের করেরপাড়ায় বসবাস করতেন। ৯০টি ঢপযাত্রা, যাত্রাপালা আর নাটক রচনা করেছেন নিবারণ। এর মধ্যে ৬০টি ঢপযাত্রা ও যাত্রাপালা বিভিন্ন সময় হাওরাঞ্চলে মঞ্চস্থ হয়েছে। গরিবের আর্তনাদ তাঁর নির্দেশিত সর্বাধিক মঞ্চায়ন করা একটি যাত্রা।
ঢপযাত্রা লেখার পাশাপাশি নিয়মিত যাত্রাভিনয় আর পরিচালনার সঙ্গে যুক্ত হন ১৯৯৫ সাল থেকে। যাত্রাভিনয়, পরিচালনা ছাড়াও নিবারণ তিন শতাধিক কীর্তন, ধামাইল, ত্রিনাথের গান রচনা করেন। সম্প্রতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা: সুনামগঞ্জ শীর্ষক বইয়ে তাঁর লেখা একটি ঢপযাত্রা মুদ্রিত হয়েছে।