বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আন্তরিকতা আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অব্যাহত চেষ্টায় পেশাদার যাত্রাশিল্পে দ্রুত পরিবর্তন আসছে। বাড়ছে গতি। পেশাদার বড় বড় দলের সময় কাটছে নতুন নতুন প্রযোজনা নিয়ে। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আহ্বায়ক বজলুর রহমান বলেন, ‘আমাদের অব্যাহত চেষ্টার ফলে নান্দনিক পরিবেশনা যেমন বেড়েছে, তেমনি অশ্লীলতাও তুলনামূলকভাবে কমে এসেছে। কিছু অনিবন্ধিত যাত্রার দল নেতিবাচক কিছু করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হচ্ছে। দ্রুত নিবন্ধনের আওতায় আনার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। সবগুলো দলের নিবন্ধন হলে আর সমস্যা হওয়ার কথা নয়।’
বড় দলের মধ্যে এখন যাত্রাপালা নিয়ে ব্যস্ত আছে আনন্দ অপেরা, চৈতালী অপেরা, দিশারী অপেরা, রাজদূত অপেরা, পদ্মা যাত্রা ইউনিট, চ্যালেঞ্জার অপেরা, স্বদেশ অপেরা, ভোলানাথ যাত্রা সম্প্রদায়, নব প্রভাত অপেরা, আদি বঙ্গশ্রী অপেরা, তাজমহল অপেরা, সোনালী অপেরা, আশানুর অপেরা, কেয়া যাত্রা ইউনিট ও দোয়েল অপেরা।
বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখা গেছে, আগের তুলনায় যাত্রাপালার দর্শক অনেক বেড়েছে। দলগুলোও ভালো কাজ করছে। দেশীয় পালাকারের পালা মঞ্চস্থ করছে। তাতে দর্শকও নতুনত্বের স্বাদ পাচ্ছেন।