>

চলতি পথে হঠাৎ করেই ময়মনসিংহের যাত্রাশিল্পীদের কয়েকজনকে পেয়ে যাই আমরা। কেউ এখনো যাত্রা করছেন, কেউ পেশা থেকে বিদায় নিলেও একেবারে ছেড়ে দিতে পারেননি যাত্রাকে। এমনই কয়েকজনকে নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি ছাপা হলো আজ
২৮ জুলাই। বেলা সাড়ে ১১টা। ময়মনসিংহের বাঘমারা পুরোনো মেডিকেল গেটের কাছে রেললাইন লাগোয়া কয়েকটি সাজঘর। সাজঘর থেকে যাত্রা নাটকের পোশাক ভাড়া দেওয়া হয়। বিক্রিও করা হয়। অভিনেত্রী, অভিনেতা, নৃত্যশিল্পী, মেকআপম্যান ভাড়া দেওয়া হয় এসব সাজঘর থেকেই। সাজঘরের কাচের আলমারিতে ছোট বাচ্চার চরিত্রের জন্য পুতুল, রক্তমাখা মানুষের মুণ্ডু সবই আছে।
সাজঘরগুলোর অবস্থানই বলে দেয় এ এলাকায় যাত্রাশিল্পীরা থাকেন।
নিজাম সাজঘর থেকে একটু সামনের দিকে যেতেই দেখা গেল দোকানের সামনে একটি বাঁশে হেলান দিয়ে অন্যমনস্ক হয়ে চা খাচ্ছেন এক নারী। কানে ও গলায় ইমিটেশনের গয়না। দাঁড়ানোর ভঙ্গিটাও অন্য নারীদের তুলনায় অন্য রকম। তিনি যাত্রাশিল্পী কি না জানতে চাইলে অন্যমনস্কভাবেই মাথা নেড়ে না বললেন। কিছু দূর যাওয়ার পর আরেক নারী যাত্রাশিল্পী জানালেন, বাঁশে হেলান দেওয়া ওই নারী একসময়ে অভিনয় করতেন। কাছে গিয়ে তাঁর না বলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একসময় নায়িকার অভিনয় করতাম। এখন তো আর করি না।’
এই শিল্পীর নাম নাজমা। স্বামী মারা গেছেন চার মাস আগে। তাঁদের কোনো সন্তান হয়নি। স্বামীও যাত্রাশিল্পী ছিলেন। পরে স্বামীই নাজমাকে যাত্রা করতে নিষেধ করে গেছেন। নাজমার ভাষায়, ‘যাত্রার পরিবেশ নষ্ট হয়ে গেছে।’
যাত্রার ঝলমলে অতীত ছিল। বর্তমানে জীবন নাটকে অভিনয় করতে গিয়ে নাজমা হাবুডুবু খাচ্ছেন। এক হাজার টাকা দিয়ে দোকান ভাড়া নিয়েছেন। পান, বিস্কুটসহ কিছু জিনিস দিয়ে তাঁর দোকানটি অনেকটাই অগোছালো। বিক্রি বলতে কেউ কেউ পান কিনতে আসেন। নাজমা পানে চুন, খয়ের লাগাতে লাগাতে হয়তো তাঁর অতীত স্মৃতিতে ভেসে বেড়ান। হাজার দর্শকের সামনে তিনি ডাকসাইটে নায়িকার চরিত্রেই তো সব সময় অভিনয় করতেন।
৩০ বছর যাত্রাপালা করার পর ১০ বছর ধরে আর অভিনয় করছেন না রানী। তাঁর গলায় আক্ষেপ, ‘কোনো লাভ তো হলো না। স্বামী যাত্রার মেকআপম্যান ছিল। এখন ছেলে ভাত দিলে খাই, না দিলে খাই না। ছেলের বউয়ের সামনে মেকআপ নিয়া তো আর যাত্রাকরণ যায় না।’
রানী এখন পুরোদস্তুর সংসারী এক নারী। তিনি নিজে না বললে কেউ বুঝতেই পারবেন না তিনি একসময় যাত্রায় অভিনয় করতেন। জানালেন জীবনের প্রয়োজনেই ছোটবেলায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বড় হন এক মুসলিম পরিবারে।
ময়মনসিংহ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার। তিনি জানালেন, দেশে জঙ্গি হামলা, মাল্টিমিডিয়া, বিদেশি চ্যানেল, যাত্রাশিল্পে ঢুকে পড়া অশ্লীলতা, হাউজি ব্যবসা—সব মিলে যাত্রা আর আগের যাত্রা নেই। অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে গেলে প্রভাবশালী মহল সব বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আয়েশা ‘মুন্না সাজঘর’ নামের সাজঘরের মালিক। আগে নায়িকার চরিত্রে অভিনয় করতেন। এখন বেশির ভাগ সময় খল নায়িকার চরিত্রে অভিনয় করেন।
শিল্পী সরকার ২০ বছর ধরে যাত্রায় অভিনয় করেন। তাঁর ভাষায়, বর্তমানে যাত্রার পরিবেশ বেশি ‘সুবিধা’র না। স্বামীও যাত্রা করতেন। প্রেম করে তাঁদের বিয়ে। এখন স্বামী বেকার। এক মেয়ে নিয়ে যাত্রার এ দম্পতি অনেকটাই দিশেহারা।
পপি যাত্রায় ‘সাইড নায়িকা’র অভিনয় করেন। এক ছেলে এক মেয়ের মা পপি যাত্রায় গানও পরিবেশন করেন। গান গাইতে পারলে কিছু টাকা হাতে আসে। ছেলেমেয়েদের যাত্রাশিল্পী বানাবেন কি না জানতে চাইলে সজোরেই মাথা নেড়ে বললেন, ‘না’।