যাত্রার নতুন পালা নতুন সংগঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা বিষয়ে বর্তমান সরকারের ইতিবাচক ধ্যান-ধারণার জন্য মালিকেরা নতুন নতুন পরিকল্পনা নিয়ে দল গঠনে আগ্রহী হচ্ছেন। পুরোনো মালিকদের সঙ্গে পাল্লা দিয়ে নতুন মালিকেরাও এগিয়ে চলেছেন। চলতি মৌসুমে দুজন মহিলা মালিকসহ ১৪ জন নতুন মালিকের আত্মপ্রকাশ ঘটেছে। মুক্তিযুদ্ধ, গণ-অভ্যুত্থান, ভাষা আন্দোলন ও গাথা-গীতিকার পালা নিয়ে মোট ৪০টি নতুন পালা খোলা হচ্ছে যাত্রা দলে। দুর্গা পূজা সামনে রেখে দলগুলো মহড়াবাড়িতে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক যাত্রা পেশায় মালিক হিসেবে দুজন মহিলার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে যাত্রা মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। সূত্রমতে, এ পেশা ভ্রাম্যমাণ পেশা, প্রতিযোগিতার পেশা। ইতিমধ্যে যাত্রাসম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাস, কৃষ্ণা চক্রবর্তী, মমতাজ বেগম মায়া, আরতী মল্লিক, অর্ণিকা ঢালী ও চন্দনা মণ্ডল যাত্রা দল গঠন করে শূন্য হাতে দল ত্যাগ করেছেন। কায়ক্লেশে টিকে আছেন কোহিনূরের মালিক আয়েশা আক্তার। এবার নতুন করে নাম লেখালেন মংলার পারুল আক্তার চৌধুরী ও সিদ্ধিরগঞ্জের মৌসুমী পারভীন। পারুল মৌসুমী অপেরার লাইসেন্স নিয়ে দল সাজাচ্ছেন গাইবান্ধায়। আর মৌসুমী পারভীন নিউ ভোলানাথের ব্যানারে মহড়া চালাচ্ছেন সিরাজগঞ্জের কাজিপুর থানার শিমুল দাউর বাজারে। এ দুই দলসহ অন্যান্য দলে যেসব নতুন পালা আসছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাশ্মীরে কলি, বর্ণমালা মা আমার, নদীর নাম মধুমতি, ঢাকা জ্বলছে, সোনার বাংলা, ভাষার ডাক, শয়তানের চর, রক্তস্নাত একাত্তর, মুক্তিফৌজ, সাত কোটির মুজিব, মন্দির থেকে মসজিদ, রমজানের চাঁদ, ফকির মজনু শাহ, ঈশা খাঁ, বীরাঙ্গনা সখিনা, শরণার্থী প্রভৃতি।সুস্থধারার দুজন মহিলা মালিকের পাশাপাশি অন্য নতুন মালিকেরা হলেন দিনাজপুরের দশমহিনের মকবুল মিয়া, বরিশালের গৌরনদীর আফজাল হোসেন, খুলনার ডুমুরিয়ার রফিকুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পুতুল, নওগাঁর মান্দার গোলাম মোর্শেদ, নাটোরের জি এম, সাতক্ষীরার এসহাক ও পটুয়াখালীর মির্জাগঞ্জের শহিদ মিয়া। এই শিল্পের লোকজন আশা পোষণ করছেন, এবার নতুন মালিকদের আগমনে নতুন নতুন পালা প্রযোজনায় যাত্রায় নতুন মাত্রা যোগ হবে।