
‘মানুষের অন্তরে মন ও বিবেক থাকে। মন যা হোক তাই করে ফেলতে বলবে, আর বিবেক তা নিয়ন্ত্রণ করবে। বিবেক বলে উঠবে—তুই করিস নারে ভুল।’—
কথাগুলো বলছিলেন যাত্রাশিল্পের বিবেক গৌরাঙ্গ আদিত্য। বয়স এখন ৮৪ বছর। তিনি একসময় যাত্রা পরিচালনা করতেন, অভিনয়ও করতেন।
গত ১ আগস্ট যাত্রার বিবেকের সঙ্গে কথা হয় ময়মনসিংহে বাদ্যযন্ত্রের প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোং-এ। এখন যাত্রাশিল্পে সরাসরি সম্পৃক্ত না থাকলেও যাত্রা তাঁর পিছু ছাড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে যাত্রা নিয়ে কথা বলাসহ বিভিন্নভাবেই যাত্রা তাঁর পিছু লেগে আছে। চার মেয়ে, দুই ছেলের মধ্যে ছোট ছেলে যাত্রার লাইন বেছে নিয়েছেন।
যাত্রার বিবেক চরিত্রে যা বলতেন তা একটু গেয়ে শোনাবেন কি না জানতে চাইতে গৌরাঙ্গ বলেন, সেই ধরনের পরিবেশ হলেই কেবল গাইতে পারেন।
যাত্রাশিল্পে বর্তমানে অযোগ্য লোক বেশি বলে আক্ষেপ প্রকাশ করলেন যাত্রার এই বিবেক। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে যাত্রার নেশায় ডুবে যান। বর্তমানে তিনি ময়মনসিংহে নোভিস আর্টিস্টিক এডুকেশন সেন্টারে শিশুদের গান শেখাচ্ছেন।
যাত্রাশিল্প থেকে প্রাপ্তি কতটুকু প্রশ্নে গৌরাঙ্গ আদিত্য হেসে বলেন, ‘সকলের শুভাশিস পেয়েছি। নেত্রকোনার সূর্যসন্তান হিসেবে মানুষ স্বীকৃতি দিয়েছে।’
গৌরাঙ্গ আদিত্য বাংলাদেশ যাত্রাশিল্পী সমন্বয় পরিষদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়েছেন।