যাত্রার মানুষের কণ্ঠে কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলে যাচ্ছেন? এই বুড়ো বয়সে কেমন করলাম তা না শুনে যান।’ ব্যস্ততার কারণে একজন সুহৃদ অনুষ্ঠান শুরুর আগেই শুভেচ্ছা জানিয়ে বাড়ির পথে যাত্রা করছিলেন। তাঁর উদ্দেশে কথাগুলো বললেন মিলন কান্তি দে। তিনি যাত্রার মানুষ হলেও গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে করলেন একক আবৃত্তি।
শিল্পীর ভরাট কণ্ঠ আর দৃপ্ত উচ্চারণে কবিতার পঙ্ক্তি শুনে নিশ্চিত হওয়া গেল, চলে যাওয়া ব্যস্ত মানুষটি সত্যিই হারালেন কিছু। ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে—’ রবীন্দ্রনাথকে আশ্রয় করে সমাগতদের স্বাগত জানালেন মিলন কান্তি দে। বিনয়ের সঙ্গে জানিয়ে দিলেন, ‘আমি প্রশিক্ষিত আবৃত্তিকার নই। অর্ধশতাব্দীকাল যাত্রা শিল্পে আমার বসবাস। একজন অভিনয়শিল্পীর জন্য যুগপৎ আবৃত্তিচর্চা অপরিহার্য, তাই স্বভাবতই আমি কবিতার প্রেমে পড়ে যাই।’
যাত্রা সংগঠন দেশ অপেরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আতাউর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হকের লেখা ১৫টি কবিতা আবৃত্তি করেন মিলন কান্তি দে।