কালের পরিক্রমায় একটি বছর পেরিয়ে যাত্রাশিল্প আরেকটি বছরে পা রাখতে যাচ্ছে। এ বছরে যাত্রাঙ্গনে ঘটেছেও অনেক ঘটনা। তারই চুম্বক অংশ হচ্ছে—যাত্রাশিল্পে বছরটিতে প্রাপ্তিযোগ অনেক। অতীতের সব বাধ্যবাধকতা পেরিয়ে নতুন পথে পা বাড়িয়েছে যাত্রা। মুক্তিযুদ্ধের পালা মঞ্চায়ন এর মধ্যে উল্লেখযোগ্য। দেশ অপেরার বাংলার মহানায়ক, আনন্দ অপেরার শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, নিউ রংমহলের রক্তাক্ত একাত্তর, দেশশ্রীর সোনার বাংলা, চৈতালীর মুক্তিফৌজ সরাসরি মুক্তিযুদ্ধের পালা। এ ছাড়া নিরক্ষরতা দূরীকরণে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় যাত্রাপালা মা মাটি মানুষ মঞ্চায়ন ছিল উল্লেখ করার মতো। চৈতালী অপেরা নেকমরদে, নিউ রংমহল কুষ্টিয়ার খোকসায়, গীতশ্রী বড়বাড়ীর গাজীপুরে এবং কিশোরগঞ্জের বিন্নাটিতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা অংশগ্রহণ করে। এ বছর একুশে পদকপ্রাপ্ত যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাসের যাত্রাভিশন ও চারণিকা যাত্রা সমাজ ‘রবি যাত্রা উৎসব’ পালন করে যাত্রার অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে। যাত্রাশিল্পের লোকদের পদ্ধতিগত প্রশিক্ষণের জন্য ঢাকায় ‘যাত্রা পাঠশালা’ তৈরি হয় এ বছরে। এই শিল্পে সবচেয়ে প্রাপ্তি ও আলোচিত বিষয় হচ্ছে যাত্রাশিল্পের সরকারি অনুদান। খুলনা-চট্টগ্রামে উৎসব পালন। ঢাকায় একটি সেমিনার আয়োজন করা হয় সরকারি অর্থে। এ বছরে সংগঠিত যাত্রাদলের সংখ্যা ৪২টি। নতুন পালা এসেছে ১৪টি। সর্বাধিক মঞ্চায়িত পালা দেবী সুলতানা। নতুন দলের সংখ্যা চারটি। মহিলা মালিক ছয়জন। বিনিয়োগ নগদ ২৩ কোটি টাকা।বিগত কয়েক বছর যাত্রাশিল্পের ওপর নানামুখী যে সমস্যা ছিল, ধীরে ধীরে এর সমাধান হতে যাচ্ছে। অচিরেই যাত্রাশিল্পের নীতিমালাটি পাস হবে—এমন আশ্বাস পাওয়া গেছে। চলতি বছর নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। এটি নিয়ে যাত্রামহলে ব্যাপক আলোচনা চলছে।অনেক প্রাপ্তিযোগের মধ্যে বিয়োগান্তক ঘটনাও ঘটেছে দু-একটি। যাত্রাশিল্পের নন্দিত শিল্পী নৃপেন চ্যাটার্জি, আবদুল কুদ্দুস, নৃত্যশিল্পী হিরা মারা যান চলতি বছর। দুর্ঘটনাও ছিল কয়েকটি। নেকমরদ প্যান্ডেলে অশ্লীল নাচের দাবিতে প্যান্ডেলে আগুন ও ভাঙচুর করে দর্শক। মালিকসহ চার শিল্পী আহত হন। অশ্লীলতার দায়ে চৈতালীর আট নৃত্যশিল্পী গ্রেপ্তার হন দিনাজপুরের বীরগঞ্জে। খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রাদলের এক লাখ টাকা আত্মসাৎ করেছে নায়েক পার্টি। এম এ মজিদ