গতকাল ছিল কিংবদন্তির যাত্রাশিল্পী নির্দেশক মেহবুব ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই লেখার অবতারণা।‘রুস্তম! দুনিয়ার সেরা পালোয়ান রুস্তম আমার পিতা। যার নামে সমগ্র পারস্য মাথা নত করে, চারণ কবি হাটে মাঠে ঘাটে যার বীরত্বের গান গায়, দৈত্যদানা পর্যন্ত ভয়ে পালিয়ে যায়, সেই চিরযৌবন বিশ্ববরেণ্য বীর রুস্তম আমার পিতা।’ মঞ্চে যখন এই সংলাপ উচ্চারিত হতো তখন মুহুর্মুহু করতালিতে সিক্ত হতেন যে অভিনেতা—তিনি বাংলাদেশের যাত্রার আরেক উজ্জ্বল নক্ষত্র মেহবুব ইসলাম, এ দেশের যাত্রার কিংবদন্তি অমলেন্দু বিশ্বাসের পরই চলে আসে যাঁর নাম। যাত্রাদলে নট ও নির্দেশকের সার্থক রূপকার ছিলেন তিনি। তাঁর স্ত্রীও যাত্রাভিনেত্রী।সোরাব-রুস্তম পালার সোরাব, দেবী সুলতানার ধূর্জটি মঙ্গল, আঁধারের মুসফিক-এর হাফেজ খাঁ, নবাব সিরাজ-উদ-দৌলায় সিরাজ চরিত্রের অভিনয়ই তাঁর জাত চিনিয়ে দেয়। তিতুমীর, মজনু-শাহ, ঈশা খাঁ, টিপু সুলতান, লালন আসলে দেখতে কেমন ছিলেন—এই জিজ্ঞাসা যাঁদের মনে, মেহবুব ইসলাম অনেকটাই চরিত্র রূপায়ণে সেই তৃষ্ণা মেটাতেন। তাঁর কাজে ছিল আধুনিকমনস্কতা, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং একই সঙ্গে আধুনিক নাট্যরীতির সঙ্গে লোকজ ধারার সমন্বয় ঘটানোর প্রয়াস। ফলে আধুনিক যাত্রার রূপকার হিসেবে অমলেন্দু বিশ্বাসের পরই মেহবুবের স্থান পাকাপোক্ত হয়ে আছে। প্রয়াত মেহবুবের ধ্যান-জ্ঞান, সাধনা—সবকিছুই ছিল যাত্রাকেন্দ্রিক এবং গণমুখী। তাঁর গঠন, রসন, চলন-বলন, বদন-দর্শন সবকিছুতেই আলাদা একটা স্টাইল গড়ে ওঠে। যা পরবর্তীকালে অনেক কুশলী যাত্রাশিল্পী অনুসরণ করে চলেন। যাত্রাতে মেহবুব একটা স্বতন্ত্র ধারার প্রবর্তক। উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচির সংলাপ ভেঙে তাতে ছোট ছোট তানের ব্যবহার করে নন্দিত হতে পেরেছিলেন। যাত্রাশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করতে মেহবুব নিরন্তর গবেষণাধর্মী অভিনয় করতেন। শিল্পকলা একাডেমী থেকে যাত্রাগানের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়ে তিনি তাঁর সদ্ব্যবহার করতেন। ফলে অভিনয়ে আনতে পেরেছিলেন নান্দনিকতা। পালা-সম্পাদনা, সুরারোপ ও গায়কিতেও দেখিয়েছেন আশ্চর্য রকমের দক্ষতা। সদ্য-স্বাধীন দেশে মুক্তিযুদ্ধ-ফেরত যাত্রাশিল্পী মেহবুব বলতেন—‘আমি টিম ওয়ার্ক আর জীবনের জয়গান প্রচারের মতো পালা করতে পছন্দ করি।’পুরাণ বা ইতিহাসের চরিত্রের সঙ্গে পার্থিব চরিত্রের যোগসূত্র সাংঘাতিকভাবে স্পষ্ট করে তুলেছিলেন মহাবীর কর্ণ পালায়। তিনি মনে করতেন প্রকৃত ইতিহাস লেখার চেয়ে শিল্পসম্মতভাবে ইতিহাসকে উপস্থাপিত করাই অধিকতর বিজ্ঞানসম্মত ও বাস্তব। কেননা, রচনাশৈলী ঘটনার অন্তরে প্রবেশ করতে পারে, অপরপক্ষে ঘটনার বর্ণনা কেবল বিস্তৃত বিবরণমাত্র। ধারণা করতে পারি, অ্যারিস্টটলের এই ভাবনার প্রেরণা থেকেই মেহবুব তাঁর পালাগুলো উপস্থাপিত করেন এবং সব পালার জনপ্রিয়তা সেই কারণে। তিনি জাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে আট ঘণ্টার লড়াই, রাজা রামমোহন, টিপু সুলতান, নেতাজি সুভাষ ও কার্ল মার্ক্স-এর মতো পালা প্রযোজনায় হাত দেন। এই পালা থেকে অভিনয় প্রতিভা, সাহিত্যানুরাগ শিল্প চেতনার স্ফুরণ ঘটে। বাংলা যাত্রার কিংবদন্তি মেহবুবের জন্ম কুষ্টিয়ার কুমারখালীতে। গোপাল পান্ডের ভাগ্যলক্ষ্মী অপেরাতে প্রথম হাতেখড়িসহ নায়ক হিসেবে কালিপ্রসাদ চক্রবর্তীর হাতে। পরবর্তীকালে ভিক্টর দানিয়েলের কাছে অভিনয়ের কলাকৌশল রপ্ত করেন তিনি। জয়দুর্গা যুগ-বাণী নবরঞ্জন, নাট্য-মঞ্জুরী, আদি বলাকা, প্রগতি নাট্য সংস্থাসহ বহু যাত্রাদলে তাঁর অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। স্বাধীনতার পর শুধু রাষ্ট্রচেতনায়ই নয়, সমাজ বিনোদন সবকিছুতেই পরিবর্তন আসতে থাকে। পরিবর্তন আসে মেহবুবের জীবনেও। যাত্রাশিল্পী তপতী চক্রবর্তীকে বিয়ে করে যাত্রাদলে সোনালি সময় পার করেন তিনি। একদিন মহড়াবাড়িতে প্রশিক্ষণ সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয় ১৯৯৩ সালের ২৫ আগস্ট। কিন্তু এই মুক্তিযোদ্ধা যাত্রাশিল্পীকে এখন আর তেমন কেউ স্মরণ করেন না।