যাত্রাশিল্পের নবযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় মনে হয়েছিল, যাত্রাশিল্প নির্বাসনে গেছে। কোনো বড় আয়োজন ছিল না, ছিল না সরকারি পৃষ্ঠপোষকতা। পাশাপাশি প্রযুক্তিগত নানা বিনোদনমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই ম্রিয়মাণ হয়ে পড়ে ঐতিহ্যবাহী এ শিল্পটি। কিন্তু গত কয়েক বছরে রাজধানী ঢাকায় যাত্রা নিয়ে বড় ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাত্রাপালার সুদিন ফিরিয়ে আনার। যাত্রাশিল্পের উন্নয়ন, শিল্পচর্চার পরিবেশ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রণীত হয়েছে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২। গঠিত হয়েছে যাত্রাশিল্প উন্নয়ন কমিটি। এ নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা যাত্রাদলগুলো নিবন্ধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে দেশের বিভন্ন অঞ্চলের যাত্রাদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুটি যাত্রা উৎসব। উৎসবে অংশ নেওয়া যাত্রাদলগুলোর মধ্যে বিচারকদের রায়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছে ১৩টি দল। গতকাল শনিবার নিবন্ধিত ১৩টি যাত্রাদলকে সনদ দেওয়া হয়। বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাত্রাদলগুলোর স্বত্বাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন, যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সনদ পাওয়া দলগুলো হলো সাতক্ষীরার স্বপ্না অপেরা, ঢাকার তিনটি দল কেয়া যাত্রা ইউনিট, বাংলার বাণী অপেরা ও লোকনাট্য গোষ্ঠী, সিরাজগঞ্জের শতরূপা শিল্পীগোষ্ঠী, চট্টগ্রামের দেশ অপেরা, নেত্রকোনার কৃষ্ণা অপেরা, নরসিংদীর নিউ শিল্পী নাট্যসংস্থা, কিশোরগঞ্জের পিয়াস যাত্রা ইউনিট ও নরসুন্দা অপেরা, যশোরের আনন্দ অপেরা, বাগেরহাটের সুন্দরবন অপেরা এবং ময়মনসিংহের ব্রহ্মপুত্র যাত্রা ইউনিট।নিখিলচন্দ্রের ‘আবহমান বাংলা’গতকাল গ্যালারি জলরঙে শুরু হয়েছে শিল্পী নিখিলচন্দ্র দাসের একক চিত্রপ্রদর্শনী ‘আবহমান বাংলা’। উদ্বোধনী অনুষ্ঠানে পটের গান পরিবেশন করা হয়। ঐতিহ্যবাহী পটের গান পরিবেশন করেন নড়াইলের বাহিরডাঙ্গা থেকে আসা শিল্পী অরুণ কুমার দাস, বিনয় কৃষ্ণ বিশ্বাস ও তাদের দল। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত সিরো সাদুসিমা, শিল্পী সুকুমার পাল, শিল্পী তরুণ ঘোষ প্রমুখ। প্রদর্শনীটি চলবে ১৯ মে পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।