যাত্রায় শততম রজনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলানাথ অপেরার একটি পালা
ভোলানাথ অপেরার একটি পালা

পরিপাটি পরিবেশ, পর্যাপ্ত নিরাপত্তা আর রুচিসম্মত পালা মঞ্চায়ন হলে দর্শক তা সাদরে গ্রহণ করবেই। ঢাকার সন্নিকটে চিটাগাং রোডের মাথায় শিমরাইল ট্রাকস্ট্যান্ডের যাত্রা প্যান্ডেলে যাত্রাগান শততম রজনী অতিক্রম করেছে। ঠিক একইভাবে সাভারের রপ্তানি এলাকায় বলিভদ্র বাজারে অন্য একটি প্যান্ডেলে ১১০ রজনীর যাত্রাগান হয়েছে।

দুটি প্যান্ডেলেই গীতিনাট্য যাত্রাগান ও সংলাপপ্রধান সাহিত্য মানের পালাগানে স্নাত হয়েছে দর্শক। লোকজ আঙ্গিকের যাত্রাগান রূপবান, গুনাই বিবি, মহুয়া, সাগর ভাসা, আলোমতি প্রেমকুমার, বাহরাম বাদশাহ, মলুয়া সুন্দরী, বেহুলা সুন্দরী, কাশেম মালার প্রেম, কমলা সুন্দরী, কাজল রেখা পালা দর্শক চাহিদার কারণে দুইবার করে মঞ্চায়ন করতে হয়েছে। সাহিত্য মানের পালা মা মাটি মানুষ, মানবী দেবী, মরমি বধু, প্রেমের সমাধি তীরে, সুজন বেদের ঘাট, চারণ কবি বিজয়, সাঁই ফকির আলেফ চান, ফকির মজনু শাহ পালাগুলোও দুইবার করে মঞ্চায়ন হয়েছে।

দুটি প্যান্ডেলে অংশ নিয়েছে ১০টি করে ২০টি দল। তাতে প্রায় ৭০০ শিল্পীকুশলী অভিনয় দক্ষতার ছাপ রাখতে পেরেছেন। দুটি প্যান্ডেলের আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্যান্ডেল দেড় শ রজনী যাত্রাগানের ব্যবস্থা থাকছে। বলিভদ্র প্যান্ডেল আয়োজক রমজান আলী মিয়া ও শিমরাইল প্যান্ডেল আয়োজক রহম আলী জানান, কঠোর নিরাপত্তা আর পরিপাটি প্যান্ডেল-ব্যবস্থার কারণে দর্শক নির্বিঘ্নে যাত্রা দেখেছে। পালা প্রদর্শনও রুচিসম্মত হয়েছে।