যানজট, মামা ও রিয়াজ
ঢাকা শহরের প্রতিদিনের একটি স্বাভাবিক ঘটনা যানজট। যানজটের তো অসংখ্য কারণ আছে, কিন্তু তার সমাধান কী? বড়রা যেখানে এই সমস্যার সমাধান করতে ব্যর্থ, সেখানে ছোটরা বের করছে সহজ সমাধান! আর তাদের সঙ্গে আছেন মামা। তিনি বেকার, চাকরি খুঁজছেন। আবার এই যানজট সমস্যার জন্য তাঁর ভাবনার শেষ নেই। ছোটদের সঙ্গে বসে সমস্যা সমাধানের পথ খুঁজছেন। যখন পথ পেয়ে গেলেন, তখন তা নিয়ে ছুটছেন পত্রিকা অফিসে। এটি একটি নাটকের গল্প। নাম প্রোজেক্ট ট্রাফিক জ্যাম। নাটকটি লিখেছেন আহসান হাবিব এবং পরিচালনা করছেন জুয়েল রানা। নাটকে মামার চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। অনেক দিন পর টিভি নাটকে অভিনয় করছেন তিনি; জানালেন, সর্বশেষ অভিনয় করেছিলেন এস এ হক অলীকের নাটকে, নাম ভালোবাসা ভালোবাসি। নাটকে মামাকে দেখা যাবে, তিনি মাথা মুড়িয়েছেন। রিয়াজ জানালেন, সম্প্রতি তিনি ওমরাহ করেছেন। সেখান থেকে ফিরে কাজ করছেন নাটকটির। রিয়াজ বললেন, ‘বড়রা যেখানে কিছুই পারছেন না, সেখানে ছোটরা কত সহজে সমাধান করে ফেলছে, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নাটকে সবার জন্য কিছু বার্তা আছে। সঙ্গে আছে বিনোদন পাওয়ার মতো নানা কিছু। আর অনেক দিন পর নাটকে কাজ করেছি, ভালোই লেগেছে।’জুয়েল রানা জানালেন, নাটকটির অল্প কিছু শুটিং বাকি আছে।