যানজট এল স্থাপনাশিল্পে
রাজধানীতে জীবনযাত্রা বিপর্যস্ত করে তোলা যানজট এবার এল শিল্পকর্মে। শিল্পী সুলেখা চৌধুরী তাঁর এবারের প্রদর্শনীতে নগরজীবনের এই নিত্যদিনের সমস্যাকেই বেছে নিয়েছেন শিল্পকর্মের বিষয় হিসেবে।জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল সোমবার শুরু হয়েছে তাঁর ‘ঢাকা ট্রাফিক, দ্য সিটি ক্যান নট ওয়েট’ নামের এই স্থাপনাশিল্পের প্রদর্শনী। এর উদ্বোধন করেন নগর পরিকল্পক সালমা এ সাফি।সুলেখা চৌধুরীর ব্যতিক্রমী এই প্রদর্শনীতে যানজটের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশদূষণ ও সড়ক দুর্ঘটনার মতো সমাজের সাময়িক সমস্যাগুলোও বিশেষ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ফলে দর্শক সেখানে চেনা জীবনের প্রতিদিনের প্রতিচ্ছবিই দেখতে পেয়েছেন।স্থাপনাকর্মটি জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত। ভবনের সিঁড়িতে তৈরি করেছেন ঢাকার রাজপথের অনুকৃতি। এই রাস্তাজুড়ে অজস্র গাড়ির বহর, রয়েছে যথেচ্ছ পার্কিং। নিয়ম না মেনে গাড়ি চালানোয় দুর্বিষহ যানজট, বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার দৃশ্যও আছে। আরও আছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন।এরই মধ্যে প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সিঁড়ির পাশের দেয়ালে প্লাইবোর্ডে অ্যাক্রিলিকে আঁকা সাতটি চিত্রকর্ম। সেখানে দেখা যাচ্ছে, এসব সমস্যা নিয়ে কনফারেন্স-সেমিনারে আলোচনারত ব্যক্তিরা। শিল্পী এসব ছবির কোনো নাম দেননি। কারণ এ ছবিগুলোও মূল স্থাপনাশিল্পেরই অংশ বলে জানালেন তিনি। জনজীবনের এই নিত্যদিনের সমস্যা নিয়ে আলাপ-আলোচনা হলেও তাতে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। সেই নিষ্ফল আলোচনাপর্ব ছিল স্থাপনাশিল্পের অংশ হয়ে। প্রদর্শনী চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।চলছে ওয়াকিলুর রহমানের ‘বুকস, ইউ ক্যান রিড’ঢাকা আর্ট সেন্টারে চলছে শিল্পী ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী ‘বুকস, ইউ ক্যান রিড’। ওয়াকিল ১৯৯৪-৯৫ থেকে বিচ্ছিন্নভাবে বা সচেতনভাবে তাঁর প্রতিটি প্রদর্শনীতেই বই কিংবা কাগজ ব্যবহার করেছেন। বইকে করে তুলেছেন শিল্পকর্মের অনুষঙ্গ। গত ২৩ সেপ্টেম্বর ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ওয়াকিলের এই একক প্রদর্শনী। কেবল বই দিয়েই শিল্লকর্ম। গ্যালারির এক কক্ষে দেয়ালজুড়ে আলাদাভাবে শুধু বই। কোনো বইয়ের অক্ষরকে কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছেন শিল্পী। শুধু রেখেছেন তার বাইরের গঠন। কিছু সাদা কালি দিয়ে মুছে ফেলেছেন। আবার কিছু লেখার ওপর কলমের আঁকাআঁকি। কক্ষের মাঝখানে রয়েছে কাচঘেরা বই, যে বইগুলো দেখলে মনে হবে বহুকাল আগের, যার ভেতরের পাতাগুলো উইপোকা খেয়েছে, জমেছে তাতে ছত্রাক। অথচ কাচের বাক্সঘেরা সেই বইকে কত যত্ন করে রাখার চেষ্টা। অন্য কক্ষে গেলে অবাক হতেই হবে। বিশাল আকারের এক বই। এত বড় বই দেখলে অবাক না হয়ে কোনো উপায় নেই। বইকে নিয়ে এসেছেন ভাস্কর্যের আকারে। কিছু বই আছে ঘরের কোণে। কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে দেয়ালের ওপর থেকে। দৃষ্টিনন্দনভাবে সাজানো এ বইগুলো দেখলে বইয়ের প্রতি দর্শকদের আগ্রহ বাড়বেই।নিজের এই প্রদর্শনী নিয়ে জার্মান-প্রবাসী শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘এই প্রদর্শনীতে বইকে ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়িত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। যেকোনো ধারণা, যেকোনো সৃষ্টিকে আমরা স্থায়ী রূপ দিতে চাই। সেই চিন্তা থেকে বুকস, ইউ ক্যান রিড প্রদর্শনীর সারফেস হিসেবে বই ব্যবহার হয়েছে। পড়ার সঙ্গে ভাষারও সম্পর্ক রয়েছে। আমরা ভাষা জানি বলে অনুধাবন করি। আবার বইয়ের কথা কখনো কখনো আমাদের মধ্যে নানা ভাবের সৃষ্টি করেছে। সেই অনুভূতি দেখানোর চেষ্টা রয়েছে প্রদর্শনীতে।’ এ প্রদর্শনী চলবে ১২ অক্টোবর পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল প্রদর্শিত হয় দিস ইজ দ্য ইংল্যান্ড, বোজেরো ও ব্ল্যাক ক্যাট হোয়াইট ক্যাট ছবিগুলো। একই স্থানে আজ প্রদর্শিত হবে আরও তিনটি ছবি। প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। আয়োজন সম্পর্কে বলতে গিয়ে জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ফিল্ম সোসাইটির সভাপতি খালেদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব চলচ্চিত্র দেখানোর মধ্য দিয়ে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে এবং তাদের চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।