যানজট থেকে ভালো কিছু!

শিগগিরই অর্ণব ফেসবুকে একটি নতুন পেজ খুলতে যাচ্ছেন। সেখানে পাওয়া যাবে অর্ণবের নিজের নকশা করা জুতা, টি-শার্ট ও ব্যাগ। কিছুদিন আগেই খবর বেরিয়েছিল তাঁর নিজের নকশা করা এসব পণ্য তৈরির। সেসব পণ্য এখন ভক্তদের পর্যন্ত পৌঁছে দিতেই পেজ খোলার উদ্যোগ নিয়েছেন এই গায়ক ও চিত্রশিল্পী। এই পেজের বিষয়ে কথা বলার সময়ই অর্ণব তাঁর আঁকাআঁকি নিয়ে জানালেন মজার কথা। বললেন, তাঁর এই আঁকাআঁকি তিনি সবটাই করেছেন যানজটে গাড়িতে বসে!
অর্ণব নকশা করা এই জুতা ও ব্যাগের কালেকশনের নাম দিয়েছেন ‘স্কয়ার ফিট’ ও ‘ফেইক ফিতা’। প্রায় ৫০টি ডিজাইন রয়েছে এই কালেকশনে। কোন ভাবনা থেকে হঠাৎ জুতা, টি-শার্ট ও ব্যাগের ডিজাইন করায় আগ্রহী হলেন—জানতে চাইলে অর্ণব বলেন, ‘প্রায়ই ঢাকার ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তখন হাতের কাছে থাকে ল্যাপটপ আর সঙ্গে অফুরন্ত অবসর। মনে হলো, এই সময়টাকে কাজে লাগাই। গাড়িতে বসে বসেই তাই এই ডিজাইনগুলো করা। এরপর আমার ভক্ত, পরিবার, বন্ধুদের সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’
ভক্তদের জন্য অর্ণব বলেন, তাঁর নতুন পেজে লাইক দেওয়ার পাশাপাশি অর্ণবের কালেকশনের ব্যাপারে তাঁরা মতামতও জানাতে পারবেন এবং পছন্দের জুতা, টি-শার্ট ও ব্যাগের অর্ডার করতে পারবেন। অর্ণবের ফেরিভাইড ফেসবুক পেজ থেকে জানা যাবে নতুন পেজের তথ্য ও ঠিকানা।
