যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ভিকিকে বিয়ে করেছেন মমতা
নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউডের অভিনেত্রী মমতা কুলকার্নি অনেক দিন থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সম্প্রতি আবার খবরের শিরোনাম হয়েছেন এ তারকা অভিনেত্রী। দুবাইতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীকে মুক্ত করতে গত বছরের নভেম্বরে তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মমতা। এতদিন গোপন থাকলেও সম্প্রতি তাঁদের বিয়ের খবর ফাঁস করেছে বলিউড কেন্দ্রিক কয়েকটি সংবাদমাধ্যম। বিপুল পরিমাণ মাদক পাচারের সময় দুবাইতে গ্রেপ্তার হয়েছিলেন ভিকি। ১৯৯৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। দুবাইতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ২৫ বছর জেল খাটতে হয়। তবে ভালো আচরণসহ আরও কিছু শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে সেখানে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘জিনিউজ’। গত বছর ধর্মান্তরিত হয়ে ইসলামি রীতি অনুযায়ী মমতাকে বিয়ে করেন ভিকি। এর পরপরই মুক্তি পান তিনি। তাঁকে মুক্তি দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়, তিনি বদলে গেছেন এবং ভালো মানুষে রূপান্তরিত হয়েছেন।