যাযাবর পুলক!
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তিনটি মিশ্র অ্যালবামে গান করেছিলেন পুলক। প্রায় চার বছর পর আসছে পুলকের প্রথম একক অ্যালবাম, নাম ‘যাযাবর পুলক’। অ্যালবামটি সুফি, ফোক ও আধুনিক ধাঁচের গানের সম্ভার হলেও সুফি গানকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।পয়লা বৈশাখ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে এ সপ্তাহে অ্যালবামটি বাজারে আসবে বলে জানান শিল্পী নিজেই।গানগুলোর সুর ও সংগীত সংযোজন করেছেন শওকত আলী ইমন। অ্যালবামে মোট গান থাকবে নয়টি। গানের কথাগুলো হচ্ছে, ‘যাযাবর সময়’, ‘আমার দুঃখ আমারই থাক’, ‘বিন্দু বিন্দু বৃষ্টি’, ‘চান্দে করে চুমাচুমি’, ‘যাও পাখি’, ‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘রাধে বোল’, এবং ‘যে দুঃখ আমার অন্তরে’।গানের কথা লিখেছেন শওকত আলী ইমন, লুত্ফর হাসান, রবিউল ইসলাম জীবন, ফটিক চাঁদ ও পুলক নিজেই।অ্যালবামটি সম্পর্কে পুলক বলেন, ‘গত চার বছরে ইমন ভাই (শওকত আলী ইমন) অ্যালবামটির কাজ অনেক যত্ন নিয়ে করেছেন। এটা আমার অনেক স্বপ্নের একটি অ্যালবাম।’শওকত আলী ইমন বলেন, ‘পুলক একজন ভার্সেটাইল গায়ক। আমি অ্যালবামটিতে পুলককে বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ওর কণ্ঠে বিভিন্ন ঘরানার গান স্থান পেয়েছে। আমি মনে করি, অ্যালবামটির মাধ্যমে দেশের শ্রোতারা একটি নতুন কণ্ঠের সঙ্গে পরিচিত হবেন।’