যাহা চাই যেন জয় করে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাহা চাই যেন জয় করে পাই’ শীর্ষক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার শিল্পীরা। গত ২৭ আগস্ট ছিল কবির ৩৬তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করেই গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আনাম এবং সহসভাপতি খিলখিল কাজী। গানের পর্ব শুরু হয় সংস্থার শিল্পীদের সমবেত পরিবেশনা ‘শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি’ পরিবেশনা দিয়ে। এরপর ছিল একক পরিবেশনা। পর্বের পরিবেশনার মধ্যে ছিল ‘হে পার্থ-সারথী! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ’, ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’, ‘সাঁঝের পাখীরা ফিরিল কুলায়’, ‘হে প্রিয় আমারে দিবনা ভুলিতে’, ‘অন্তরে তুমি আছ চিরদিন’, ‘সে চ’লে গেছে বলে কি গো’ এসব গান। পরিবেশন করেন খালিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, সেলিনা হোসেন, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী খান, যোসেফ কমল রড্রিকস, খিলখিল কাজী, আফরোজা লীনা প্রমুখ। শেষে ছিল সমবেতকণ্ঠে ‘মৃত্যু নাই, নাই দুঃখ’ গানটির পরিবেশনা। শুরু হচ্ছে ভিট-চ্যানেল আই টপ মডেল দ্বিতীয়বারের মতো চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’ প্রতিযোগিতা। দেশের প্রতিটি অঞ্চল থেকে কেবল তরুণী প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন এবং প্রাথমিকভাবে বিজয়ীরা র‌্যাম্প তথা মূলধারার মডেলিং প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হবেন। বিচারক থাকবেন আদিল হোসেন, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। নিবন্ধন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে সেরা ২০ জনকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। গতকাল সোমবার সন্ধ্যায় চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকাইজারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী। ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১ হয়েছিলেন রাজশাহীর হাসিন রওশন জাহান।