যায় দিন গানে গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় ব্যান্ডেনা। কালো রঙের কাপড় আর তাতে সাদা রঙের কলকা মানেই এস আই টুটুল। তাই আড্ডার শুরুতেই এল ব্যান্ডেনা প্রসঙ্গ। টুটুল বললেন, ‘আমার নানাবাড়ির অনেকেরই মাথায় টাক। সেই ছোটবেলা থেকে মনে হচ্ছিল, আমারও টাক হবে। ত্রিশের পর তো হবেই। তখন ব্যান্ডেনা বাঁধার একটা ভাবনা আসে। আর যখন গানের সঙ্গে জড়িয়ে পড়ি, তখন নিজেকে আলাদা করে তুলে ধরার একটা ইচ্ছা তৈরি হলো। এমন আলাদা কিছু থাকবে, যা চিরদিন দর্শক-শ্রোতাদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে। যে এই ব্যান্ডেনা দেখবে, তারই আমার কথা মনে হবে।’এত বছর, একই কাপড়, একই নকশার ব্যান্ডেনা কীভাবে সম্ভব? টুটুল বললেন, ‘এই ব্যান্ডেনাটির প্রথম খোঁজ পেয়েছিলাম যুক্তরাষ্ট্রে যাওয়ার পর। দারুণ পছন্দ হলো। একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছিলাম। এরপর যাঁরাই যুক্তরাষ্ট্র থেকে আমার জন্য কিছু আনতে চান, তাঁদের এই ব্যান্ডেনার কথা বলে দিই। দাম খুব বেশি না, দুই ডলার। এখনো শ চারেক ব্যান্ডেনা আমার কাছে আছে।’সম্প্রতি হিমালয়ের চূড়ায় উঠেছিলেন মুহিত, টুটুলের ছোট ভাই সোহেলের বন্ধু। টুটুলের গান মুহিতের দারুণ পছন্দ। হিমালয়ে যাওয়ার আগে দেখা করতে এসেছিলেন প্রিয় শিল্পীর সঙ্গে। মুহিত দোয়া চেয়েছিলেন, চেয়েছিলেন টুটুলের সেই ব্যান্ডেনাটি। আর তাতে টুটুলের স্বাক্ষর। নিজের মাথা থেকে খুলে স্বাক্ষর দিয়ে মুহিতকে তিনি পরিয়ে দিয়েছিলেন ব্যান্ডেনাটি।হিমালয়ের চূড়ায় উঠে মুহিত ভুলে যাননি সেই ব্যান্ডেনাটির কথা। কাঠিতে বেঁধে পতাকা বানিয়ে ছবি তুলেছিলেন। টুটুল বললেন, ‘আমি জানি না, আর কোনো ভক্ত তাঁর পছন্দের শিল্পীর একটি সাইনকে হিমালয়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন কি না। এটা আমার সংগীতজীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা।’গানের প্রসঙ্গে ফিরি। টুটুল এখন দারুণ ব্যস্ত চলচ্চিত্রের গান নিয়ে। শাকিবের গানের জন্য নির্মাতাদের একমাত্র পছন্দ এস আই টুটুল। শাকিবের কণ্ঠের সঙ্গে নাকি টুটুলের চমৎকার মিল। সাম্প্রতিক সময়ে শাকিব অভিনীত ছবির প্রায় ৯০ ভাগ গানই তাঁর গাওয়া। ইদানীং ইমন আর নিরবের ঠোঁটেও থাকছে টুটুলের গান। হারমোনিয়ামের তারার দিকের স্বরগুলো ব্যবহার করে বেশি গান করেন তিনি। সবাই তো কণ্ঠ ভালো রাখার জন্য হারমোনিয়ামের উদারা কিংবা মুদারার স্বরেই বেশি থাকতে চান। টুটুল বললেন, ‘চর্চা করতে করতে আমি কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। এটা আমার নিজস্বতা।’ নিজেকে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন টুটুল। বললেন, ‘সৃষ্টির আনন্দ অন্য রকম।’ দারুচিনি দ্বীপ ছবির সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর সংগীত পরিচালনায় আবু সাইয়ীদের নিরন্তর ছবিটি ভারতের গোয়া ও কেরালা থেকে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। প্রাচ্য, পাশ্চাত্য, হিন্দুস্তানি সংগীত আর লোকগানের শাস্ত্রীয় ধারা দারুণভাবে প্রভাবিত করেছে টুটুলের গানকে। টুটুলের খুব পছন্দের সুরকারের তালিকায় রয়েছেন ভারতের এ আর রহমান, আর দেশে আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী। সবার মাঝ থেকে নিজের গানের একটা আলাদা স্টাইল তৈরি করেছেন টুটুল।আর অভিনয়টা? ‘ওটা তো পাগলামি করে। স্যার (হুমায়ূন আহমেদ) ডাকেন, আমিও যাই। আসলে স্যারের কাছে কয়টা দিন থাকার লোভ সামলাতে পারি না।’সবশেষে এল পরিবারের কথা। টুটুল বললেন, ‘আমার তিন সন্তান—অনয়, শ্রেয়াস আর আরস। আমি খুব খারাপ বাবা। ওদের একদম সময় দিতে পারি না। ১৯ জুলাই তানিয়ার সঙ্গে আমার বিয়ের এক যুগ পূর্তি হলো। আমার মনে পড়ে না, এই ১২ বছরে ১২ বার ওদের সঙ্গে নিয়ে কোনো ভালো হোটেলে খাবার খেয়েছি। সময়ই পাই না। আর যতক্ষণ বাসায় থাকি, নিজের কাজ করি। তানিয়া বলেই আমার সঙ্গে ঘর করল।’বছর কয়েক আগে টুটুল ঘোষণা দিলেন, নিজের আর কোনো অ্যালবাম বের করবেন না তিনি। এটা ছিল অডিও পাইরেসির বিরুদ্ধে তাঁর নীরব প্রতিবাদ।টুটুল বললেন, ‘কয়েক বছর আগেও শিল্পীদের নিয়ে ঈদ হতো। ১০০ অ্যালবাম বের হতো। সবাই ঈদের অ্যালবাম কেনার জন্য আলাদা বাজেট রাখতেন। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে পুরো রোজার মাসে উৎসবের আবহ থাকত। এখন আর তা নেই।’তবে সুখের বিষয় হলো, নিজের পরবর্তী অ্যালবামের জন্য নতুন কিছু গান করেছেন, ‘আকাশ তো নেই আকাশ উধাও’, ‘আমার খবর নিল না তো কেউ’, ‘দুঃখ বন্ধু এসো আমার বাড়ি’। বিভিন্ন কনসার্টে এই গানগুলোই এখন গাইছেন টুটুল।