যিনি পেলেন সম্মাননা

আজীবন সম্মাননা নিতে এসে হঠাৎ একসময় কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল নন্দিত চলচ্চিত্র অভিনেতা রাজ্জাকের, দেশের মানুষ যাঁকে নায়করাজ রাজ্জাক বলে সম্মান করে। শোনালেন জীবনেরই এক গল্প: কিছুদিন আগে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন স্থানীয় এক হাসপাতালে, তখন এক ভোরে হঠাৎ চোখ মেলে দেখেন কেউ পাশে নেই তাঁর। খানিকটা দূরে এক সেবিকা। সেবিকাকে প্রশ্ন করলেন নায়করাজ, ‘সত্যি করে বলো তো, আমি বেঁচে আছি না মরে গেছি?’ সেবিকা হেসে বললেন, ‘আপনি বেঁচে আছেন।’ এ কথা বলার সময় কী যেন দলা পাকিয়ে উঠল রাজ্জাকের গলায়। কথা বলতে পারলেন না কিছুক্ষণ। তারপর যোগ করলেন, স্বাধীনতার আগে সাত কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন, এখন ১৭ কোটি মানুষের ভালোবাসা পাচ্ছেন, সামনে ২০ কোটি মানুষের ভালোবাসা নিয়েই চলে যেতে চান।
মঞ্চে যখন উঠছেন রাজ্জাক, তখন পুরো মিলনায়তন দাঁড়িয়ে তাঁকে সম্মান জানাল। বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট তিনি। উর্দু ছবির বিপরীতে বাংলা চলচ্চিত্রকে নিজের পায়ে দাঁড় করানোর অক্লান্ত সৈনিক। ৭২ বছর বয়সেও সৃজনশীল পথযাত্রায় শরিক।
শিল্পী রাজ্জাকের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। পাশে ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তাঁরা নায়করাজকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে সম্মাননার এক লাখ টাকার চেক তুলে দেন।
নায়করাজ বারবার বলছিলেন, দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন পাঁচ দশক ধরে, তার কোনো তুলনা নেই।