
কথায় আছে, দুই নৌকায় একসঙ্গে পা দিতে নেই। তাতে ঘটতে পারে বিপত্তি। শেষে এই ঘাট, ওই ঘাট—কোনো ঘাটেই ভেড়া যাবে না। তাই যে নৌকায় স্বাচ্ছন্দ্য, সেখানেই ঘাপটি মেরে বসে থাকা উচিত। কিন্তু আবির কি আর শোনেন এসব উপদেশ? কারও কথা না শুনেই দিয়ে দিলেন দুই নৌকায় পা। তাও আবার এমন নৌকা, যার গতি দুর্বার! কিন্তু তা কী? আবির তো দিব্যি দুই নৌকায় পা দিয়ে সেই দুর্বার গতির সঙ্গেই পাল্লা দিয়ে ছুটে চলছেন। ছুটবেনই তো, যিনি একাধারে ব্যোমকেশের মতো সত্যান্বেষী আর ফেলুদার মতো প্রাইভেট ইনভেস্টিগেটরের খোলসে ভরেছেন নিজেকে। তাঁর আবার চলার পথে বাধা কিসের। আবির চ্যাটার্জি তো এখন ব্যোমকেশ-ফেলুদায় মিলেমিশে একাকার।
গত ১৯ ডিসেম্বর টালিউডের পর্দায় একসঙ্গে হানা দেয় ব্যোমকেশ বকশি আর ফেলুদা। দুটো আলাদা শিবির থেকে এক আবির দুটো ভিন্ন চরিত্রে আসেন দর্শকদের সামনে। তখন থেকেই শুরু হয়ে যায় কানাকানি। কে বেশি এগিয়ে থাকবে? ব্যোমকেশ বকশি, নাকি গোয়েন্দা ফেলুদা।
ছবি মুক্তির আগে কয়েকজন বলেছিলেন, সেই ২০১০ সাল থেকে আবিরকে সবাই সত্যান্বেষী ব্যোমকেশের রূপে দেখে আসছে। তাই লড়াইয়ের ময়দানে এগিয়ে থাকবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই চরিত্র। অন্যদিকে আরেক দলের কথায়, বাংলার কোনো রহস্য চরিত্রই ফেলুদাকে ছাপিয়ে যেতে পারবে না। তাই ফেলুরূপে আবিরের আবির্ভাবই জয় করবে সবার হৃদয়। এমনকি ফেলুদার নতুন ছবি বাদশাহী আংটির পরিচালক সন্দ্বীপ রায়ও বলেছিলেন একই কথা। তিনি তো খোদ সত্যজিৎ রায়ের আঁকা ফেলুদার সঙ্গে মিলিয়েছেন আবিরকে। বলেছেন, ‘আবিরের মধ্যে ফেলুদার লুক অনেকটাই আছে। বাবার (সত্যজিৎ রায়) আঁকা স্কেচের সঙ্গে আবিরের সাদৃশ্যও রয়েছে।’
তবে এসব কাকতালীয় মিলে যাওয়াকে আমলে নেননি ব্যোমকেশ ফিরে এলর নির্মাতা অঞ্জন দত্ত। তিনি তাঁর ‘ব্যোমকেশ’-কে নিয়ে বলেছেন, ‘আবিরকে আমার চিরকালই ব্যোমকেশ মনে হয়েছে। আর ওকে ব্যোমকেশের সাজে এত ভালো মানিয়েছে যে এর ওপর আর কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না। আমার ওকে ফেলুদা হিসেবে অতটা ভালো লাগছে না।’
কিন্তু সন্দ্বীপ আর অঞ্জনের ভালো কিংবা মন্দ লাগা দিয়ে কী আসে-যায়? আসল মন্তব্য তো করবেন দর্শকেরা। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পেয়েছে দুটো ছবিই। দর্শকেরা প্রথমে একটু দ্বিধান্বিত ছিলেন। কোন আবিরকে দেখবেন। কিন্তু শেষ নাগাদ সব দ্বিধাই কেটে গেল দিন দশেক না পেরোতেই। দুই আবিরই টালিউডে সফল। ব্যোমকেশের আগের দুই পর্বের মতোই সাড়া ফেলেছে নতুন ছবিটিও। অন্যদিকে বাদশাহী আংটিও কোনো অংশে পিছিয়ে নেই। তাই দুই ছবির সাফল্য দেখেই আপ্লুত বইয়ের পাতা থেকে জীবন্ত হওয়া ‘ব্যোমকেশ’ কিংবা ‘ফেলুদা’। তাই আবিরের ভাষায়, ‘দুটো চরিত্রই আমার খুব প্রিয়। দুটোতেই নিজের সেরাটা দিয়েছি। এক বছরের বিরতি দিয়ে দুটো ছবিতে কাজ করেছি। ছবি দুটো আলাদা সময়ে মুক্তি পেলে খুব খুশি হতাম। কিন্তু সবার সাড়ায় মনে হচ্ছে, না, যা হয়েছে বেশ হয়েছে!’