যুক্তরাজ্যে সংগীত প্রতিভা খোঁজার প্রতিযোগিতা
এবার সংগীত-প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি টিভি চ্যানেল। ‘চ্যানেল এস স্টার ২০১০’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রবাসী বাঙালিরা। ৮ জুন যুক্তরাজ্যের বার্মিংহামের রয়েল স্যুট হলে ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের প্রতিযোগীদের বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয় বছরব্যাপী এই কার্যক্রম। প্রতিযোগীদের বয়সসীমা ১৮ বছরের বেশি হলেও এখানে সত্তরোর্ধ্ব আলতাব আলী পেয়েছেন ইয়েস কার্ড। এই আয়োজন প্রসঙ্গে ‘চ্যানেল এস স্টার ২০১০’-এর প্রযোজক হাবিবুর রহমান জানান, তিন বছর আগে অনুষ্ঠানটি করার উদ্যোগ নিয়েছে চ্যানেল এস। এবার যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। কিন্তু আগামী বছর থেকে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরাও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আধুনিক, লোকগান, দেশের গান ও ছায়াছবির গান বিভাগে প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করা হবে সেরা দশ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে আছেন যুক্তরাজ্যে বসবাসরত শিল্পী হিমাংশু গোস্বামী, ওস্তাদ ইউসুফ আলী খান, আলাউর রহমান, রুখসানা সাফা, লুসি রহমান ও কায়া। পুরস্কার হিসেবে চ্যানেল এস স্টার পাবে পাঁচ হাজার পাউন্ড, প্রথম রানারআপ তিন হাজার ও দ্বিতীয় রানারআপ দেড় হাজার পাউন্ড। রয়েছে অ্যালবাম করার সুযোগসহ নানা পুরস্কার।