যুক্তরাজ্যের অক্সফোর্ডে ‘এ টেল অব টু ফ্রেন্ডস’
বাংলাদেশে ব্রিটেনের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরী বললেন, ‘বাংলাদেশি নাট্যকার ও নির্দেশকের কাজকে ইংল্যান্ডের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার। এ দেশের দর্শক বুঝতে পেরেছে, বাংলাদেশের নাটকের সংগীত, অঙ্গ-ভঙ্গি, গল্প বলার রীতি অত্যন্ত মাধুর্যময়।’ যুক্তরাজ্যের নাটকের দল থিয়েটার ফোকসের প্রথম নাটক এ টেল অব টু ফ্রেন্ডস-এর উদ্বোধনী প্রদর্শনী দেখে এই মন্তব্য করেন আনোয়ার চৌধুরী। গত ৩০ এপ্রিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হলো অক্সফোর্ডের পেগাসাস থিয়েটার হলে। পরদিন একই মিলনায়তনে আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী ও চুপকথা প্রিয়ভাষিণী। এতে অভিনয় করেছেন উমা প্রধান, সামিনা লুৎফা, সেলিনা শেলী, মোহাম্মদ আলী হায়দার, হালিমা আনজুম নায়োমী খান, কামরুজ্জামান, কাউসারুজ্জামান, সাইদুজ্জামান প্রমুখ।