যুক্তরাজ্যের ভিসা পাননি সালমান!

পরবর্তী ছবির শুটিংয়ের কাজে গত সপ্তাহেই যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল সালমান খানের। কিন্তু ভিসা না পাওয়ায় সেখানে যেতে পারেননি ছবিটির মূল অভিনেতা সালমান। কোনো রকম কারণ না দেখিয়েই তাঁকে ভিসা দেওয়া হয়নি। সালমানের কাছের মানুষদের ধারণা, সালমানের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার বিচারকাজ ঝুলে থাকার কারণেই এমনটা ঘটেছে।
এর মধ্যেই লন্ডনে ছবিটির শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। গত সপ্তাহে সেখানে গিয়ে ছবির দলের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সালমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন পর্যন্ত ভারত ছাড়তে পারেননি তিনি। সালমানের কাছের একটি সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’।
এ প্রসঙ্গে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘সালমানের ভিসার জন্য আবারও আবেদন করা হবে। তাঁর অনুপস্থিতির কারণে এর মধ্যেই ছবির শুটিংয়ের কাজ বেশ পিছিয়ে গেছে। আগামী সপ্তাহ পর্যন্ত তাঁর জন্য আমরা অপেক্ষা করব। আমাদের প্রত্যাশা, এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের ভিসা পেয়ে যাবেন।’
সালমানের ভিসা না পাওয়ার পেছনের কারণ সম্পর্কে তাঁর কাছের একটি সূত্র জানিয়েছে, ‘আমাদের ধারণা, ২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারের কাজ ঝুলে থাকার কারণেই যুক্তরাজ্যের ভিসা পাননি তিনি। তা ছাড়া বর্তমানে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুনে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে।’
সূত্রটি আরও জানায়, ‘গত ১৯ জুলাই মামলার শুনানির সময় বলা হয়েছিল, ২৪ জুলাই রায় প্রদান করা হবে। সেদিন আদালতে হাজির হয়েছিলেন সালমান। কিন্তু ২৪ তারিখেও এ-সংক্রান্ত কোনো রায় দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ আগস্ট।’
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে বান্দ্রায় একটি বেকারির সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন পাঁচজন হতদরিদ্র মানুষ। ওই সময় সালমানের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হন।
অবশ্য বরাবরই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন না। ২০০৫ সালে সালমানের বিচার কার্যক্রম শুরু হয়। কোনো এক অজানা কারণে তাঁর প্রতি নমনীয় আচরণ করেন আদালত। বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেওয়া হয়। ভারতীয় পেনাল কোডের ৩০৪(১) ধারায় এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা মাত্র দুই বছরের কারাদণ্ড।
২০১১ সালে সালমানকে কঠোর সাজা দেওয়ার দাবি তোলা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে মামলার বিচার কার্যক্রম আবার শুরু হয়। চলতি বছরের ২৪ জুন মুম্বাই সেশন কোর্টের বিচারক ইউ বি হেজিব জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় সালমানের বিচার-কার্যক্রম চলবে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড।
মামলায় হাজিরা দিতে গত ১৯ জুলাই দুই বোন অর্পিতা ও আলভিরাকে নিয়ে আদালতে হাজির হন সালমান। সেদিন জানানো হয়, ২৪ জুলাই রায় প্রদান করা হবে। দুই বোনকে নিয়ে ২৪ জুলাই আদালতে হাজির হন সালমান। কিন্তু সেদিনও রায় প্রদান করা হয়নি। তবে মামলাসংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্তের কথা জানান আদালত।
ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় সালমানের বিচার-কার্যক্রম চলার কথা থাকলেও, ভারতীয় দণ্ডবিধির ৩০৪(৩) ধারায় সালমানের বিচার-কার্যক্রম চলবে বলে আদেশ দেন মুম্বাই সেশন কোর্ট। এই ধারায় যাবজ্জীবন কিংবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সালমানের মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিচারকও পরিবর্তন করা হয়। কাজের ব্যস্ততার কারণে মামলার পরবর্তী শুনানিগুলোতে সালমানকে হাজিরা না দিলেও চলবে বলে জানানো হয়েছে।