যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন ফাহমিদা-বাপ্পা

বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গেছেন গত ২৮ আগস্ট। যুক্তরাষ্ট্রেছয়টি কনসার্টের মধ্যে এরই মধ্যে তিনটিতে গান করেছেন তাঁরা। তিনটি কনসার্টেই দারুণ সাড়া পেয়েছেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন বাপ্পা মজুমদার।
কনসার্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাপ্পা মজুমদার বলেন, ‘এখন পর্যন্ত আটলান্টা, আটলান্টিক সিটি ও নিউইয়র্কে তিনটি কনসার্টে অংশ নিয়েছি আমি আর ফাহমিদা আপা। প্রতিটি কনসার্টই দারুণ হয়েছে। দর্শকের উপস্থিতিও ভালো। সামনে ডালাস, হিউস্টন ও বোস্টনে কনসার্ট করব।’
যুক্তরাষ্ট্র থেকে ২৫ সেপ্টেম্বর দেশে ফিরে ওই দিনই ভারতে কনসার্ট করতে চলে যাবেন বাপ্পা মজুমদার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৫ তারিখে ঢাকায় নামব। ওই দিনই বিমানবন্দর থেকে আবার চলে যাব কলকাতায়। সেখানে আমি, পার্থ বড়ুয়া, ফাহমিদা ও সামিনা আপা তিনটি কনসার্টে গান গাইব।’
ফোবানা সম্মেলনসহ যুক্তরাষ্ট্রে ছয়টি বড় মাপের কনসার্টে অংশ নিতে গত ২৮ আগস্ট নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই জুটির সঙ্গে মিউজিশিয়ান হিসেবে ছিলেন ড্রামার এহসান এলাহী ফান্টি, কি-বোর্ডিস্ট সোহেল আজিজ ও বেজ গিটারিস্ট তানিম।
প্রসঙ্গত, গত ঈদে জুলফিকার রাসেলের কথা আর নকীব খান ও পিলু খানের সুরে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর একক গানের অ্যালবাম ‘ইচ্ছেহয়’।
আর আগস্ট মাসে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন একক গানের অ্যালবাম। অ্যালবামের নয়টি গানের মধ্যে ছয়টির কথা লিখেছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। সব কটি গানের সুরও করেছেন তিনি।